সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:৫০ অপরাহ্ন, ৬ ফেব্রুয়ারি ২০২৬

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ, পিএসএলেই নতুন ঠিকানা

আইপিএলকে ঘিরে অনিশ্চয়তা, রাজনৈতিক চাপ ও নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগেই (পিএসএল) নিজের নতুন গন্তব্য খুঁজে নিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তার পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেয় লাহোর […]

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ, পিএসএলেই নতুন ঠিকানা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আইপিএলকে ঘিরে অনিশ্চয়তা, রাজনৈতিক চাপ ও নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগেই (পিএসএল) নিজের নতুন গন্তব্য খুঁজে নিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তার পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেয় লাহোর কালান্দার্স। নিলামের আগেই মুস্তাফিজকে নিশ্চিত করায় বোঝা যাচ্ছে, বিদেশি পেস আক্রমণে তাকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবেই বিবেচনা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলটির ফেসবুক পোস্টে বলা হয়, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান—যিনি ২০১৬ ও ২০১৮ সালেও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন—এবার আবার সরাসরি চুক্তিতে আমাদের পরিবারে ফিরলেন। একবার কালান্দার মানেই সবসময় কালান্দার।”

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার তিন দিন পর, গত ৬ জানুয়ারি পিএসএলে মুস্তাফিজের খেলা নিশ্চিত হয়। তবে তখন কোন দলে তিনি যোগ দিচ্ছেন, তা প্রকাশ করা হয়নি। অবশেষে নিলামের আগেই তাকে নিজেদের দলে টেনে নেয় লাহোর কালান্দার্স।

এর আগে পিএসএলে দুইবার লাহোর কালান্দার্সে ডাক পেলেও এক মৌসুমেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। ২০১৮ সালের আসরে তিনি পাঁচ ম্যাচে চারটি উইকেট শিকার করেন এবং তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।

বর্তমানে পিএসএলের অন্যতম সফল দল লাহোর কালান্দার্স। তারা সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে এবং সর্বশেষ আসরের চ্যাম্পিয়নও। গত মৌসুমে এই দলের হয়ে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স দেখান।

উল্লেখ্য, এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে জানা যায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ