দীর্ঘ সাত বছর কোমায় থাকার পর মারা গেছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আকশু ফার্নান্দো। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকায় সমুদ্রসৈকতে অনুশীলনের সময় একটি অরক্ষিত রেলপথ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ফার্নান্দো। দুর্ঘটনার পর থেকে তিনি কোমায় ছিলেন এবং বেশির ভাগ সময় […]
ছবি: সংগৃহীত
দীর্ঘ সাত বছর কোমায় থাকার পর মারা গেছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আকশু ফার্নান্দো। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর।
২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকায় সমুদ্রসৈকতে অনুশীলনের সময় একটি অরক্ষিত রেলপথ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ফার্নান্দো। দুর্ঘটনার পর থেকে তিনি কোমায় ছিলেন এবং বেশির ভাগ সময় লাইফ সাপোর্টে রাখা হয় বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন সম্ভাবনাময় একজন ব্যাটসম্যান। যে সময়ে তার ক্যারিয়ার ধীরে ধীরে গতি পাচ্ছিল, ঠিক তখনই মাত্র ২৭ বছর বয়সে ভয়াবহ ওই দুর্ঘটনা তার ক্রিকেট জীবন থামিয়ে দেয়।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে আকশু ফার্নান্দো সংগ্রহ করেছিলেন ১ হাজার ৬৭ রান। ‘লিস্ট এ’ ক্রিকেটে ২৫ ম্যাচে তার রান ২৯৮। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১৯টি ম্যাচ খেলেছিলেন তিনি।
২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন ফার্নান্দো। সিনিয়র পর্যায়ে তার ঝুলিতে ছিল সাতটি ফিফটি। নয় বছরের ঘরোয়া ক্যারিয়ারে তিনি কোল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাবসহ বিভিন্ন দলের হয়ে খেলেছেন।
দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে তার চলে যাওয়া শ্রীলঙ্কান ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।