সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:৪৪ অপরাহ্ন, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বিপাকে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্ল্যাক ক্যাপরা। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে অসুস্থ হয়ে পড়েছেন। নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করেছেন। ‘ডি’ গ্রুপে থাকা নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৮ […]

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বিপাকে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্ল্যাক ক্যাপরা। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে অসুস্থ হয়ে পড়েছেন। নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

‘ডি’ গ্রুপে থাকা নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কিউইরা। তার আগে আজ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার কথা দলটির। তবে অসুস্থতার কারণে ওই ম্যাচে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়েকে পাবে না নিউজিল্যান্ড।

এ ছাড়া কাঁধের চোট থেকে সেরে ওঠার পথে থাকা ওপেনার ফিন অ্যালেনকেও সতর্কতার অংশ হিসেবে বিশ্রামে রাখা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোচ রব ওয়াল্টার বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে দলে কিছুটা অসুস্থতার সমস্যা দেখা দিয়েছে। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ভাইরাল সংক্রমণে ভুগছে, যা দীর্ঘ সফরের সময় স্বাভাবিকভাবেই হয়ে থাকে। রাচিন আমার পাশের রুমেই আছে। সারারাত ওখান থেকে খুব একটা ভালো কোনো শব্দ শোনা যায়নি। মনে হচ্ছে ও বেশ কষ্টেই আছে।”

সম্প্রতি ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪–১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। সেই সিরিজে কাফ ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। তবে কোচ ওয়াল্টারের আশা, বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রেসওয়েল ও ফিন অ্যালেনকে পাওয়া যাবে।

ওয়াল্টার বলেন, “এই মুহূর্তে সবাই ধীরে ধীরে ফিট হয়ে উঠছে, যা প্রথম ম্যাচের আগে আমাদের জন্য খুবই ইতিবাচক খবর।”

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছেন গতিতারকা লুকি ফার্গুসন। অ্যাডাম মিলনের অনুপস্থিতিতে পেস আক্রমণের বড় দায়িত্ব তাকেই নিতে হবে বলে মনে করেন কোচ। এ বিষয়ে ওয়াল্টার বলেন, “বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে ফার্গুসন ভীষণ পরিশ্রম করছে। সে বলেছিল ধীরে শুরু করবে, কিন্তু তবুও ১৪৫ কিলোমিটার গতিতে বল করেছে। যদি এটাকেই সে ধীরে শুরু বলা হয়, তাহলে সামনে কী অপেক্ষা করছে তা দেখার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ