সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:০২ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। অন্যদিকে ইংলিশদের এই জয়ে বেঁচে রইল পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা। একই সঙ্গে নিউজিল্যান্ডকেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–পাকিস্তান ম্যাচের দিকে। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে এবং রানরেটের হিসাবও মিলাতে হবে। আর শ্রীলঙ্কা জিতে […]

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। অন্যদিকে ইংলিশদের এই জয়ে বেঁচে রইল পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা। একই সঙ্গে নিউজিল্যান্ডকেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–পাকিস্তান ম্যাচের দিকে। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে এবং রানরেটের হিসাবও মিলাতে হবে। আর শ্রীলঙ্কা জিতে গেলে কোনো সমীকরণ ছাড়াই শেষ চারে জায়গা করে নেবে কিউইরা।

গ্রুপ–২ এ তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। পাকিস্তানের পয়েন্ট ১, তবে তাদের একটি ম্যাচ এখনও বাকি। সেই ম্যাচে জিতলেই কেবল শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখতে পারবে বাবর আজমের দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে টিম সেইফার্ট ও ফিন অ্যালেন দ্রুত ৬৪ রান যোগ করেন। সপ্তম ওভারের শেষ বলে আদিল রশিদের ঘূর্ণিতে ২৫ বলে ৩৫ রান করা সেইফার্ট আউট হলে ভাঙে এই জুটি। পরের ওভারেই ১৯ বলে ২৯ রান করা ফিন অ্যালেনও ফিরে যান।

এরপর গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৯৭ রানে রাচিন আউট হলে আবার চাপ বাড়ে কিউইদের ওপর। ১৩ বলে ১১ রান করেন তিনি। ফিলিপস অবশ্য আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। চতুর্থ উইকেটে মার্ক চ্যাপম্যানকে সঙ্গে নিয়ে ১৮ বলে ২৬ রানের জুটি গড়েন তিনি। ফিলিপস ২৮ বলে ৩৯ রান করে আউট হলে নিউজিল্যান্ডের বড় সংগ্রহের সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়।

শেষদিকে চ্যাপম্যান ৯ বলে ১৫, ড্যারিল মিচেল ৮ বলে ৩ ও কোল ম্যাককঞ্চি ১২ বলে ১৪ রান করেন। অধিনায়ক মিচেল স্যান্টনার অপরাজিত থাকেন ৫ বলে ৯ রানে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৫৯ রান।

ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ নেন দুটি করে উইকেট। লিয়াম ডসন শিকার করেন একটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। প্রথম ওভারেই ফিল সল্ট এবং পরের ওভারে জস বাটলার আউট হয়ে গেলে মাত্র ২ রানেই দুই ওপেনারকে হারায় তারা। চাপের মুখে দলকে সামাল দেন অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। দুজনে মিলে ৩৫ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

২৪ বলে ২৬ রান করে ব্রুক আউট হলে আবার চাপে পড়ে ইংল্যান্ড। কিছুক্ষণ পর ১৬ বলে ২১ রান করা বেথেলও ফিরে যান। তখন স্কোর ৫৮ রানে ৪ উইকেট। সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেন টম ব্যান্টন ও স্যাম কারান। পঞ্চম উইকেটে তাদের ৩৫ বলে ৪২ রানের জুটি দলকে আবার লড়াইয়ে ফেরায়।

১০০ রানে স্যাম কারান আউট হন ২২ বলে ২৪ রান করে। এরপর ২৪ বলে ৩৩ রান করা ব্যান্টনও ফিরে গেলে ইংল্যান্ডের দরকার পড়ে শেষ চার ওভারে ৪৩ রান। তখন ক্রিজে আসেন রেহান আহমেদ ও উইল জ্যাকস। দুজন মিলে মাত্র ১৬ বলে ৪৪ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ৪ উইকেটের জয় এনে দেন।

উইল জ্যাকস ১৮ বলে ৩২ ও রেহান আহমেদ ৭ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র নেন ৩ উইকেট, আর ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও গ্লেন ফিলিপস নেন একটি করে উইকেট।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তানের সামনে এখন বাঁচা-মরার লড়াই। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ