ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক যৌথ হামলার পর দেশটির আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরের পর রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠায় বিশ্বকাপে ইরানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্বকাপের এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে […]
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক যৌথ হামলার পর দেশটির আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরের পর রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠায় বিশ্বকাপে ইরানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিশ্বকাপের এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এমন প্রেক্ষাপটে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, দলটি বিশ্বকাপে অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেহদি তাজ বলেন, বিষয়টি দেশের সর্বোচ্চ পর্যায়ের সরকারি কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে এবং তারাই পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আপাতত বিশ্বকাপ বয়কটের বিষয়ে ফেডারেশন কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি বলেও জানান তিনি।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ‘জি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। গ্রুপপর্বে ইরানের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে।
যুক্তরাষ্ট্রের মাটিতে তিনটি ম্যাচ হওয়ায় ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় আরও বেড়েছে। মেহদি তাজ বলেন, “এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। তবে এ বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।”
তিনি আরও জানান, ভিসা জটিলতা ও কূটনৈতিক পরিস্থিতির কারণে আগে থেকেই শঙ্কা ছিল। সাম্প্রতিক হামলার পর সেই অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে। তার ভাষায়, “এই প্রেক্ষাপটে বিশ্বকাপ নিয়ে আমাদের কাছ থেকে আশাবাদী বার্তা প্রত্যাশা করা কঠিন। যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা আমাদের মাতৃভূমিতে আঘাত হেনেছে, যার প্রভাব ক্রীড়াক্ষেত্রেও পড়বে।”