ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে এম. চিন্নাস্বামী স্টেডিয়াম-এর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের বিঘ্নের ঘটনা ঘটেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই হোম ভেন্যুতে নাশকতার ফলে ২৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা অচল হয়ে পড়ে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ২৪ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স-এর ম্যাচের দিন। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে নেটওয়ার্ক […]
ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে এম. চিন্নাস্বামী স্টেডিয়াম-এর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের বিঘ্নের ঘটনা ঘটেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই হোম ভেন্যুতে নাশকতার ফলে ২৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা অচল হয়ে পড়ে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে ২৪ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স-এর ম্যাচের দিন। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর) এবং ফাইবার অপটিক সংযোগ নষ্ট করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
গ্রেফতার হওয়া দুজন হলেন ৩৭ বছর বয়সী মানজুনাথ ও ১৯ বছরের আব্দুল কালাম। তারা স্টেডিয়ামের নজরদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
অভিযোগ রয়েছে, তারা অনুমতি ছাড়াই সংরক্ষিত সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির ক্ষতি করেন। তদন্তে পাওয়া ফুটেজে দেখা গেছে, তারা কন্ট্রোল রুম ও পার্কিং এলাকার সংবেদনশীল স্থানে অবস্থান করছিলেন।
ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ১০ লাখ রুপি বকেয়া পাওনা না পাওয়ায় ক্ষোভ থেকে তারা এ ধরনের কাজ করেছেন বলে স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে সম্পত্তি নষ্টের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।