কুমিল্লায় একটি বাসায় চুরি করতে গিয়ে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে পড়েছেন মো. মারজান হোসেন জিহাদ (২২) নামে এক যুবক। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তার মাথা থেকে কোমর পর্যন্ত অংশ গ্রিলের বাইরে এবং কোমরের নিচের অংশ ঘরের ভেতরে আটকে আছে। ঘটনাটি ঘটে রোববার দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর […]
ছবি: সংগৃহীত
কুমিল্লায় একটি বাসায় চুরি করতে গিয়ে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে পড়েছেন মো. মারজান হোসেন জিহাদ (২২) নামে এক যুবক। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তার মাথা থেকে কোমর পর্যন্ত অংশ গ্রিলের বাইরে এবং কোমরের নিচের অংশ ঘরের ভেতরে আটকে আছে।
ঘটনাটি ঘটে রোববার দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার আদালতের পূর্বপাশে অবস্থিত একটি ভবনের নিচতলায়। পরে সোমবার (১১ মে) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
জিহাদ কুমিল্লা নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে।
ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভবনের বারান্দার গ্রিলে আটকে থাকা জিহাদ বের হওয়ার চেষ্টা করছেন। এ সময় আশপাশে স্থানীয়দের জটলা দেখা যায়। তাকে চিৎকার করে বলতে শোনা যায়, “স্যার, আমি বের হতে পারছি না। আমার একটা বাচ্চা আছে।”
স্থানীয়রা জানান, পরে লোকজন প্রায় আধা ঘণ্টা পর তাকে গ্রিল থেকে টেনে বের করেন। ওই ভবনের মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় ভাড়াটিয়া একটি পরিবার বসবাস করছিল। সেখানেই চুরির উদ্দেশ্যে ঢুকে জিহাদ আটকা পড়ে যান।
প্রত্যক্ষদর্শী আবদুল খালেক বলেন, দুপুরে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে গ্রিলে আটকে থাকা যুবককে দেখতে পান। তার দাবি, চোরটি গ্রিলের ফাঁক দিয়ে বাসায় ঢোকার চেষ্টা করছিল। পরে তাকে গ্রিলের ফাঁক থেকে টেনে বের করে পুলিশে দেওয়া হয়।
সোমবার সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আটক যুবককে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের সাজা দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।