কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দীর্ঘ সময় চাপে থাকা আওয়ামী লীগ আবারও সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার নানা কৌশল নিচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। দলটির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে নতুন করে কমিটি গঠন, অনলাইনভিত্তিক যোগাযোগ বৃদ্ধি এবং ইস্যুভিত্তিক প্রচারণার মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ এখন সরাসরি বর্তমান […]
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দীর্ঘ সময় চাপে থাকা আওয়ামী লীগ আবারও সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার নানা কৌশল নিচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। দলটির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে নতুন করে কমিটি গঠন, অনলাইনভিত্তিক যোগাযোগ বৃদ্ধি এবং ইস্যুভিত্তিক প্রচারণার মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ এখন সরাসরি বর্তমান সরকারের সঙ্গে সংঘাতে না গিয়ে সাবেক অন্তর্বর্তী সরকার ও ড. মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে জনমত তৈরির কৌশল নিয়েছে। বিশেষ করে হামের টিকা ব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন সমঝোতা ও প্রশাসনিক সিদ্ধান্তকে সামনে এনে তারা রাজনৈতিক প্রচারণা জোরদার করছে। একই সঙ্গে ড. ইউনূস ও তার সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে আলোচনা রয়েছে।
দলটির ঘনিষ্ঠ মহলের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগে আওয়ামী লীগের একটি অংশ আশা করেছিল নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তাদের জন্য রাজনৈতিকভাবে কিছুটা সহনশীল পরিবেশ তৈরি হবে। বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর তারা ধারণা করেছিল মাঠপর্যায়ে সীমিতভাবে হলেও রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ পাবে। নির্বাচনের সময় দলটির কিছু সমর্থক প্রকাশ্যে বা পরোক্ষভাবে বিএনপির প্রতি ইতিবাচক অবস্থানও নিয়েছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।
তবে বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের দাবি। নির্বাচনের পর বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় খোলার চেষ্টা করলে প্রতিরোধের মুখে পড়তে হয়। কোথাও কোথাও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনাও সৃষ্টি হয়। আবার কিছু স্থানে দলীয় অফিস খোলার চেষ্টা করেও পরে তা বন্ধ করে দিতে বাধ্য হন আওয়ামী লীগ সমর্থকরা।
দলটির নেতাকর্মীদের হতাশ করেছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে জারি হওয়া অধ্যাদেশ বহাল থাকা। আওয়ামী লীগপন্থিদের ধারণা ছিল নতুন সরকার সেটিকে কার্যকরভাবে বহাল রাখবে না, কিন্তু পরে সেই আইনি কাঠামোই বহাল থাকে।
এদিকে নির্বাচনের পর আত্মগোপনে থাকা কয়েকজন মধ্যম সারির নেতা প্রকাশ্যে আসতে শুরু করেন। কিছু নেতার জামিনও হয়। তবে পরে নতুন মামলায় গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ায় তারা আবারও চাপের মুখে পড়েন।
আওয়ামী লীগের একাধিক সূত্রের দাবি, বর্তমানে দলটি প্রকাশ্য বড় রাজনৈতিক কর্মসূচির বদলে অনলাইনভিত্তিক সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে। বিভিন্ন অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে। বিদেশে অবস্থানরত কয়েকজন শীর্ষ নেতাও অনলাইনের মাধ্যমে সাংগঠনিক নির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।
দলটির অভ্যন্তরীণ যোগাযোগে সাংগঠনিক পুনর্গঠন, নতুন কমিটি গঠন এবং মাঠপর্যায়ে ধীরে ধীরে সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হচ্ছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অডিও ক্লিপেও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে, যদিও এসব অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও আকস্মিক কর্মসূচিও অব্যাহত রয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় হঠাৎ মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করার কৌশল নিচ্ছেন নেতাকর্মীরা বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই গভীর রাত বা ভোরে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।
সম্প্রতি চট্টগ্রামে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার জানাজাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের শোডাউনও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও প্রচারণামূলক পোস্টের মাধ্যমে দলীয় সমর্থকদের সক্রিয় রাখার চেষ্টা চলছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ এখন সরাসরি বড় আন্দোলনের পথে না গিয়ে জনমনে প্রভাব ফেলতে পারে এমন ইস্যুগুলো ব্যবহার করে ধীরে ধীরে নিজেদের সাংগঠনিক ভিত্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলটির প্রকাশ্য ও শক্তিশালী প্রত্যাবর্তন এখনো সহজ হবে না বলেও তারা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, জনঅসন্তোষ, মামলা, গ্রেপ্তার অভিযান এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক অবস্থান এখনো আওয়ামী লীগের জন্য বড় বাধা হয়ে আছে। কিন্তু দীর্ঘমেয়াদে রাজনৈতিক বিভক্তি, বিরোধী শক্তিগুলোর অনৈক্য এবং ভোটের সমীকরণ দলটির জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের যেকোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম কঠোরভাবে নজরদারিতে রাখার কথা বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও দলটির নেতাকর্মীদের গতিবিধির ওপর নজরদারি অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।