নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আবারও বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসেন, তাহলে যুদ্ধাপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা উচিত বলে তিনি মনে করেন। তবে এ উদ্দেশ্যে বিদ্যমান আইন পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস-কে […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আবারও বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসেন, তাহলে যুদ্ধাপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা উচিত বলে তিনি মনে করেন। তবে এ উদ্দেশ্যে বিদ্যমান আইন পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, “আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত কয়েক বছরের ঘটনাপ্রবাহ বিবেচনায় অনেক মানুষই একই মত পোষণ করেন।”
তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে তিনি আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং তার প্রশাসন কেবল প্রচলিত আইনের আওতায় থেকেই পদক্ষেপ নেবে।
মামদানি বলেন, “আমি আগেও বলেছি, নিউইয়র্কে বর্তমানে যে আইন কার্যকর রয়েছে, আমি সেটিই অনুসরণ করব। একজন নগরপ্রধান হিসেবে আমার দায়িত্ব আইনের সীমার মধ্যেই কাজ করা।”
সাক্ষাৎকারে তিনি আরও ব্যাখ্যা করেন, “নিউইয়র্কের আইন আমাদের যেটুকু করার অনুমতি দেবে, আমরা ঠিক সেটুকুই করব। তবে এই উদ্দেশ্যে নতুন কোনো আইন প্রণয়ন বা বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ আমরা নেব না।”
কোন আইন কী ধরনের ক্ষমতা দেয়—এমন প্রশ্নের জবাবে মামদানি জানান, বিষয়টি নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে তাদের সক্রিয় আলোচনা চলছে এবং আইনি অবস্থান বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, মেয়র নির্বাচনের প্রচারণার সময় মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তিনি প্রয়োজন হলে নিউইয়র্ক পুলিশ বিভাগকে (এনওয়াইপিডি) নির্দেশ দেবেন। সে সময় তিনি বলেছিলেন, এই অবস্থান শুধু নেতানিয়াহুর ক্ষেত্রেই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
তবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় এবং দেশটির ফেডারেল আইন অনুযায়ী আইসিসির এখতিয়ার যুক্তরাষ্ট্রে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। এছাড়া মার্কিন আইনে স্থানীয় সরকারগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে এ ধরনের বিষয়ে সহযোগিতা করতে পারে না। পৃথক ফেডারেল আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের আটক বা তাদের দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন আইনি সীমাবদ্ধতা রয়েছে।
ফলে মামদানির রাজনৈতিক অবস্থান এবং বাস্তবে তার প্রশাসনের আইনি ক্ষমতার মধ্যে পার্থক্য রয়েছে বলে বিশ্লেষকদের মত।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইসরাইল