জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে দেশটিকে ‘সন্ত্রাসী দেশ’ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার নিউইয়র্কে ভারতের সঙ্গে লাইবেরিয়ার একটি যৌথ সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে জয়শঙ্কর ও লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেসলো নিয়ান্তি সমুদ্রপথ ও নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন একটি ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ উদ্যোগের বিষয়ে কথা […]
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে দেশটিকে ‘সন্ত্রাসী দেশ’ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার নিউইয়র্কে ভারতের সঙ্গে লাইবেরিয়ার একটি যৌথ সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে জয়শঙ্কর ও লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেসলো নিয়ান্তি সমুদ্রপথ ও নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন একটি ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ উদ্যোগের বিষয়ে কথা বলছিলেন।
অনুষ্ঠানের শেষ দিকে এক পাকিস্তানি সাংবাদিক ভারত সরকার পাকিস্তানে ‘সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে, জানতে চান। জবাবে জয়শঙ্কর বলেন, ‘একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে। আসুন।’
এরপর জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানেনি ওই সাংবাদিককে বলেন, তিনি তার প্রশ্নের জবাব পেয়েছেন এবং উত্তরটি স্পষ্টভাবেই দেওয়া হয়েছে।
এই ঘটনার এক দিন আগে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও এক ভারতীয় সাংবাদিক সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন করেছিলেন। শরিফ ওই প্রশ্নের কোনো জবাব দেননি।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জয়শঙ্কর। শনিবার অধিবেশনে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।