যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এইচ-১বি ভিসা কর্মসূচি পুরোপুরি বাতিলের পক্ষে মত দিয়েছেন। তাঁর দাবি, কর্মসূচিটি বর্তমানে ‘পুরোপুরি ভেঙে পড়েছে’ এবং কিছু প্রতিষ্ঠান এর সুযোগ নিয়ে কম মজুরিতে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন কর্মীদের জায়গা দিচ্ছে। বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তিনি এইচ-১বি কর্মসূচি পুরোপুরি বাতিলের বিষয়টি সমর্থন করবেন। তবে কর্মসূচিটি চালু থাকা অবস্থায় […]
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এইচ-১বি ভিসা কর্মসূচি পুরোপুরি বাতিলের পক্ষে মত দিয়েছেন। তাঁর দাবি, কর্মসূচিটি বর্তমানে ‘পুরোপুরি ভেঙে পড়েছে’ এবং কিছু প্রতিষ্ঠান এর সুযোগ নিয়ে কম মজুরিতে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন কর্মীদের জায়গা দিচ্ছে।
বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তিনি এইচ-১বি কর্মসূচি পুরোপুরি বাতিলের বিষয়টি সমর্থন করবেন। তবে কর্মসূচিটি চালু থাকা অবস্থায় মার্কিন কর্মীদের স্বার্থ সুরক্ষিত রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ভ্যান্সের অভিযোগ, প্রযুক্তি প্রতিষ্ঠান ছাড়াও হিসাবরক্ষণসহ বিভিন্ন খাতের কিছু প্রতিষ্ঠান এইচ-১বি কর্মসূচির অপব্যবহার করছে। তাঁর মতে, অত্যন্ত দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে আনার উদ্দেশ্যে এই কর্মসূচি ব্যবহার করা এক বিষয়, আর কম শ্রম ব্যয়ে কর্মী নিয়োগের জন্য এটি ব্যবহার করা অন্য বিষয়।
উদাহরণ হিসেবে ভ্যান্স বলেন, কোনো প্রতিষ্ঠানে বছরে ৬০ হাজার ডলার বেতন পাওয়া একজন মার্কিন হিসাবরক্ষকের পরিবর্তে ৪৫ হাজার ডলার বেতনে একজন বিদেশি হিসাবরক্ষক নিয়োগ করা হলে সেটিকে মেধাবী কর্মী আনার উদ্দেশ্য হিসেবে দেখা যায় না। তাঁর মতে, এ ধরনের ব্যবহারের মাধ্যমে মার্কিন কর্মীদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
এইচ-১বি ভিসা মূলত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিশেষায়িত পেশায় সাময়িকভাবে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ দেয়। প্রযুক্তি খাতসহ বিভিন্ন পেশায় দক্ষ বিদেশি কর্মীরা দীর্ঘদিন ধরে এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কাজ করছেন।
এই কর্মসূচি নিয়ে ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নতুন কিছু এইচ-১বি আবেদনের ক্ষেত্রে ১ লাখ ডলার ফি আরোপের উদ্যোগও ছিল। তবে এ ফি নিয়ে আদালতে আইনি লড়াই চলছে। অক্টোবরে একটি ফেডারেল আদালত ফি আরোপের প্রক্রিয়ায় প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে।
ভ্যান্স এর আগে বলেছিলেন, এইচ-১বি কর্মসূচির উদ্দেশ্য হওয়া উচিত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উচ্চ দক্ষতার কর্মী যুক্ত করা, মার্কিন কর্মীদের কম মজুরির বিদেশি কর্মী দিয়ে প্রতিস্থাপন করা নয়। তাঁর সাম্প্রতিক মন্তব্যে কর্মসূচিটি পুরোপুরি বাতিলের পক্ষে সমর্থনের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।