সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:৩১ অপরাহ্ন, ৬ অক্টোবর ২০২৬

হামের সংক্রমণ বাড়ায় নিউইয়র্কে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়তে থাকায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হকুল। সোমবার জারি করা এ জরুরি ব্যবস্থা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অঙ্গরাজ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে চলতি বছরে মোট ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক নগরে সাতজন এবং নগরের বাইরে অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় […]

হামের সংক্রমণ বাড়ায় নিউইয়র্কে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়তে থাকায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হকুল। সোমবার জারি করা এ জরুরি ব্যবস্থা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

অঙ্গরাজ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে চলতি বছরে মোট ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক নগরে সাতজন এবং নগরের বাইরে অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় ১০১ জন আক্রান্ত হয়েছেন। ১৫ জুলাইয়ের পর ১৮টি গ্রামীণ ও তুলনামূলকভাবে কম টিকাদান হওয়া এলাকায় ৯২টি সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থার আওতায় হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের পরিধি বাড়ানো হয়েছে। একই সঙ্গে নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন হাম রোগীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন। শিশুদের টিকাদান কার্যক্রমও আরও জোরদার করা হচ্ছে।

গভর্নর ক্যাথি হকুল বলেন, টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব এমন কোনো রোগে মানুষের গুরুতর অসুস্থতা বা মৃত্যুর শিকার হওয়া উচিত নয়। সংক্রমণ মোকাবিলায় আরও স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া ও পরীক্ষার কাজে যুক্ত করতেই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত গ্রামীণ এলাকাগুলোতে ইতোমধ্যে এক হাজারের বেশি এমএমআর টিকার ডোজ দেওয়া হয়েছে। সংক্রমণের বড় অংশই এমন এলাকাগুলোতে শনাক্ত হয়েছে, যেখানে টিকাদানের হার তুলনামূলকভাবে কম।

নিউইয়র্কের প্রতিবেশী পেনসিলভানিয়াতেও বড় ধরনের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানে চলতি বছরে এক হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। তিন দশকের বেশি সময়ের মধ্যে এটি ওই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব বলে জানিয়েছে বিভিন্ন প্রতিবেদন।

এ ছাড়া টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্যে হামের সংক্রমণ ছড়িয়েছে। চলতি বছর দেশজুড়ে প্রায় ৩ হাজার ৯০০টি সংক্রমণ শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে হামের সবচেয়ে গুরুতর বছর হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের বিস্তার ঠেকাতে জনসংখ্যার অন্তত ৯৫ শতাংশের টিকাদান প্রয়োজন। যুক্তরাষ্ট্রে ২০০০ সালে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় আবারও রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এদিকে আগামী নভেম্বরে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (PAHO) কর্মকর্তারা বৈঠকে বসবেন। সেখানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হামমুক্ত দেশের মর্যাদা ধরে রাখতে পারবে কি না, তা পর্যালোচনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ