নিউইয়র্ক সিটির অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোর মানচিত্রে ‘লিটল ইতালি’ অন্তর্ভুক্ত না করায় শহরটির জন্য বরাদ্দ কয়েক শ কোটি ডলারের তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে কলম্বাস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুমকি দেন। খবর আনাদোলুর। ট্রাম্পের অভিযোগ, নিউইয়র্ক সিটির জাতিগত সম্প্রদায়গুলোর বিভিন্ন এলাকার পরিচিতি তুলে ধরে সম্প্রতি প্রকাশিত […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোর মানচিত্রে ‘লিটল ইতালি’ অন্তর্ভুক্ত না করায় শহরটির জন্য বরাদ্দ কয়েক শ কোটি ডলারের তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে কলম্বাস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুমকি দেন। খবর আনাদোলুর।
ট্রাম্পের অভিযোগ, নিউইয়র্ক সিটির জাতিগত সম্প্রদায়গুলোর বিভিন্ন এলাকার পরিচিতি তুলে ধরে সম্প্রতি প্রকাশিত একটি মানচিত্রে ‘লিটল সেনেগাল’, ‘লিটল গায়ানা’, ‘লিটল হাইতি’ ও ‘লিটল ইয়েমেন’-এর মতো এলাকা রাখা হলেও ঐতিহাসিকভাবে পরিচিত ‘লিটল ইতালি’ বাদ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের মানচিত্রে এমন একটি এলাকা অন্তর্ভুক্ত না করা তাঁর কাছে অকল্পনীয় বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি লজ্জাজনক।’
তিনি আরও বলেন, ‘আমরা অবিলম্বে বিষয়টি সমাধানের উদ্যোগ নেব। তা না হলে তারা যে হাজার হাজার কোটি ডলার পেতে চায়, যার বেশির ভাগই তারা সব সময় অপচয় করে, তার এক ডলারও আমরা পাঠাব না।’
নিউইয়র্ক সিটির জন্য বরাদ্দকৃত সরকারি তহবিল আটকে দেওয়ার হুমকির পাশাপাশি ট্রাম্প ইতালীয়-আমেরিকান সম্প্রদায়কে অবমূল্যায়ন করার অভিযোগও তোলেন। তাঁর ভাষ্য, ‘যারা আমাদের দেশকে ঘৃণা করে, তারা ইতালীয়-আমেরিকান সম্প্রদায়কে মুছে যেতে দেখতে চায়।’
২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে পর্যটকদের জন্য নির্দেশিকা তৈরির অংশ হিসেবে নিউইয়র্ক সিটির অভিবাসী সম্প্রদায়গুলোর এলাকাভিত্তিক পরিচিতি তুলে ধরে মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল। এতে শহরটির পাঁচটি বরোর বিভিন্ন এলাকায় অবস্থিত অভিবাসী সম্প্রদায়ের ৩০টি এলাকার নাম ও পরিচিতি স্থান পেয়েছে।
তবে মানচিত্রে ‘লিটল ইতালি’ না থাকায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। ইতালীয়-আমেরিকান সম্প্রদায়ের ঐতিহাসিক উপস্থিতি ও সাংস্কৃতিক পরিচিতির কারণে এলাকাটির অনুপস্থিতি বিশেষভাবে আলোচনায় আসে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গত জুলাইয়ে জানিয়েছিলেন, মানচিত্রে ‘লিটল ইতালি’ যুক্ত করা হবে। একই সঙ্গে শহরের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর পরিচয় যথাযথভাবে তুলে ধরতে মানচিত্রে আরও কিছু পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।
মামদানি বলেন, মানচিত্রটি ২০২৩ সালে তৈরি করা হয়েছিল। নিউইয়র্ক সিটিতে বসবাসকারী ২০০টিরও বেশি জাতিগত সম্প্রদায়ের সবগুলোকে তালিকাভুক্ত করা এর উদ্দেশ্য ছিল না।
নিউইয়র্ক সিটির বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের পরিচিতি তুলে ধরার উদ্যোগটি পর্যটকদের জন্য তৈরি হলেও ‘লিটল ইতালি’ বাদ পড়ার বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। মানচিত্রটি সংশোধনের বিষয়ে মেয়রের আগের ঘোষণার পরও ট্রাম্প তহবিল বন্ধের হুমকি দেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।