সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:৩৯ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

বেনজীরকে দেশে ফেরানো এত কঠিন কেন? সংসদে প্রত্যর্পণ প্রক্রিয়ার জটিলতা তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া সহজ নয় বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা বিদেশে গ্রেপ্তার হওয়ার অর্থ স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হওয়া নয়। সংশ্লিষ্ট দেশের আইন, আদালতের সিদ্ধান্ত ও কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে এ জন্য দীর্ঘ বিচারিক ও রাষ্ট্রীয় […]

বেনজীরকে দেশে ফেরানো এত কঠিন কেন? সংসদে প্রত্যর্পণ প্রক্রিয়ার জটিলতা তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া সহজ নয় বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা বিদেশে গ্রেপ্তার হওয়ার অর্থ স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হওয়া নয়। সংশ্লিষ্ট দেশের আইন, আদালতের সিদ্ধান্ত ও কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে এ জন্য দীর্ঘ বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭-এর অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশের উপযুক্ত আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার অনুরোধ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, গত ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে দেশটির ‘ফেডারেল ল নম্বর ৩৯ অব ২০০৬’-এর ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠাতে বাংলাদেশকে বলা হয়।

তবে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে বাংলাদেশ সরকার মাত্র চার দিনের মাথায়, অর্থাৎ ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠায়। একই দিনে তথ্য সমন্বয়ের জন্য আবেদনের একটি অনুলিপি এনসিবি আবুধাবিতেও পাঠানো হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, অনুরোধপ্রাপ্ত দেশের বিচারিক কর্তৃপক্ষ নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুসরণ করে যে সিদ্ধান্তই নিক না কেন, তা বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন প্রত্যাহার, প্রত্যাখ্যান কিংবা পুরো প্রক্রিয়ার সমাপ্তি বোঝায় না।

তিনি ব্যাখ্যা করেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। সংশ্লিষ্ট দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত নিজস্ব আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অভিযোগের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণপত্র এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়।

এদিকে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের বিষয়েও সরকারের পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ পাঠিয়েছে।

এসব অনুরোধের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য-প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহায়তার কাঠামো অনুসরণ করে সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো ব্যক্তি জামিন পেলেই প্রত্যর্পণ কার্যক্রম শেষ হয়ে যায় না। একইভাবে, প্রত্যর্পণ সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনগত ও বিচারিক ধাপ অতিক্রমের বিষয়টিকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ নয়।

তিনি জানান, বাংলাদেশ সরকার নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যর্পণের আবেদন পাঠিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ, স্থানীয় আইনজীবী নিয়োগ এবং বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয়ও অব্যাহত রেখেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত থাকবে।

সূত্র: কালবেলা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ