যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী গ্রিন কার্ডধারীদের জন্য বয়স ও স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের মেয়াদের ভিত্তিতে বিশেষ সুবিধা রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে ইংরেজি ভাষার পরীক্ষা ছাড়াই নাগরিকত্বের আবেদন করা যায়। এমনকি যোগ্য আবেদনকারীরা মার্কিন ইতিহাস ও সরকারব্যবস্থা–বিষয়ক সিভিকস পরীক্ষা বাংলাসহ নিজেদের পছন্দের ভাষায় দিতে পারেন। তবে এই সুবিধা সব গ্রিন কার্ডধারীর জন্য নয়; বয়স ও […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী গ্রিন কার্ডধারীদের জন্য বয়স ও স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের মেয়াদের ভিত্তিতে বিশেষ সুবিধা রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে ইংরেজি ভাষার পরীক্ষা ছাড়াই নাগরিকত্বের আবেদন করা যায়। এমনকি যোগ্য আবেদনকারীরা মার্কিন ইতিহাস ও সরকারব্যবস্থা–বিষয়ক সিভিকস পরীক্ষা বাংলাসহ নিজেদের পছন্দের ভাষায় দিতে পারেন। তবে এই সুবিধা সব গ্রিন কার্ডধারীর জন্য নয়; বয়স ও যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের নির্দিষ্ট সময় পূরণ করতে হয়।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)–এর নিয়ম অনুযায়ী, এ ক্ষেত্রে প্রধানত দুটি বয়সভিত্তিক ছাড় রয়েছে। প্রথমটি ‘৫০/২০’ সুবিধা। কোনো আবেদনকারীর বয়স নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার সময় কমপক্ষে ৫০ বছর হতে হবে এবং তাঁকে অন্তত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করতে হবে।
দ্বিতীয়টি ‘৫৫/১৫’ সুবিধা। এ ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ৫৫ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের মেয়াদ অন্তত ১৫ বছর হতে হবে।
এই দুই শর্তের যেকোনো একটি পূরণ করলে আবেদনকারী ইংরেজি ভাষার পরীক্ষা থেকে অব্যাহতি পান। অর্থাৎ তাঁকে ইংরেজিতে পড়া, লেখা ও বলার দক্ষতা প্রমাণ করতে হয় না। তবে সিভিকস পরীক্ষা দিতে হয়। নিজের পছন্দের ভাষায় এই পরীক্ষা দেওয়ার জন্য সাক্ষাৎকারের সময় একজন দোভাষী সঙ্গে নিতে হবে। দোভাষীকে ইংরেজি ও আবেদনকারীর ভাষা—দুটিতেই দক্ষ হতে হবে।
৬৫ বছর বয়সীদের জন্য আরও বিশেষ সুবিধা
যাঁদের বয়স নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার সময় কমপক্ষে ৬৫ বছর এবং যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের মেয়াদ অন্তত ২০ বছর, তাঁদের জন্য সিভিকস পরীক্ষায় বাড়তি ছাড় রয়েছে। এই সুবিধা ‘৬৫/২০’ নামে পরিচিত।
এ ক্ষেত্রে আবেদনকারীকে সাধারণ প্রশ্নভান্ডারের পরিবর্তে বিশেষভাবে নির্ধারিত ২০টি প্রশ্ন পড়তে হয়। সেখান থেকে পরীক্ষক ১০টি প্রশ্ন করেন। পাস করতে হলে অন্তত ৬টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তাঁরাও নিজেদের পছন্দের ভাষায় পরীক্ষা দিতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী দোভাষী ব্যবহার করতে পারেন।
২০২৫ সাল থেকে নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন
ইউএসসিআইএস ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে নাগরিকত্বের নতুন সিভিকস পরীক্ষা চালু করেছে। ওই তারিখের আগে নাগরিকত্বের আবেদন জমা দেওয়া ব্যক্তিরা ২০০৮ সালের পরীক্ষার নিয়মে পরীক্ষা দেবেন। আর ২০ অক্টোবর ২০২৫ বা তার পরে আবেদন জমা দিলে ২০২৫ সালের নতুন পরীক্ষায় অংশ নিতে হবে।
নতুন পরীক্ষায় মোট ১২৮টি সম্ভাব্য প্রশ্নের তালিকা থেকে ২০টি প্রশ্ন করা হয়। পাস করতে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে হবে। তবে ৬৫/২০ সুবিধার আওতাভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে বিশেষভাবে নির্ধারিত ২০টি প্রশ্নের তালিকা থেকে ১০টি প্রশ্ন করা হবে এবং ৬টি সঠিক উত্তর দিলেই পাস করা যাবে।
কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন?
সাধারণ নিয়মে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অধিকাংশ ক্ষেত্রে অন্তত পাঁচ বছর বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে থাকার পর আবেদন করা যায়। মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই সময় তিন বছর হতে পারে।
বয়স ও বসবাসের মেয়াদের ভিত্তিতে ইংরেজি পরীক্ষায় ছাড় পাওয়া গেলেও নাগরিকত্বের অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে। যেমন—আবেদনের অন্যান্য শর্ত, ভালো নৈতিক চরিত্র এবং যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইন মেনে চলার অঙ্গীকার। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে ইংরেজি কিংবা সিভিকস পরীক্ষা দিতে অক্ষম ব্যক্তিদের জন্য আলাদা চিকিৎসাভিত্তিক অব্যাহতির ব্যবস্থাও রয়েছে।
অতএব, বাংলায় সিভিকস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও শুধু দীর্ঘদিন গ্রিন কার্ডধারী হলেই এ সুবিধা পাওয়া যায় না। আবেদন জমা দেওয়ার সময় বয়স ও স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের মেয়াদ—দুটিই নির্ধারিত শর্তের সঙ্গে মিলতে হবে।
সূত্র: যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস), ইউএসএ গভর্নমেন্ট