ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চলছে বলে উঠে এসেছে বিবিসি বাংলার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। ভারতীয় সরকারি কর্মকর্তা, সামরিক সূত্র ও কূটনৈতিক পর্যবেক্ষকদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির সঙ্গে আলোচনার পরই দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন হাসিনা। তবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের পক্ষ […]
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চলছে বলে উঠে এসেছে বিবিসি বাংলার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। ভারতীয় সরকারি কর্মকর্তা, সামরিক সূত্র ও কূটনৈতিক পর্যবেক্ষকদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির সঙ্গে আলোচনার পরই দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন হাসিনা। তবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। এসব শর্ত পূরণ না হওয়ায় আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা কম বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকেরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোয়া দুই বছর ধরে শেখ হাসিনার ভারতে অবস্থান দিল্লির জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর হয়ে উঠেছে। বাংলাদেশের আদালতে জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ডের রায় পাওয়ার পরও তাঁকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে রয়েছে ভারত।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর একাধিক চেষ্টা সফল না হওয়ায় দিল্লির নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, তাঁর বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুজ্জীবনের চেষ্টা করাই সামনে এগোনোর সম্ভাব্য পথ। নিয়মিত বৈঠক ও আলোচনায় ভারতের এই অবস্থান শেখ হাসিনাকে জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার কূটনৈতিক নোট ভার্বালের মাধ্যমে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল। তবে ভারত এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইতিবাচক সাড়া দেয়নি।
ভারতীয় পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা দিল্লির দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র। তাঁকে বন্দি অবস্থায় বা হাতকড়া পরিয়ে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত আগ্রহী নয়। এমন পদক্ষেপ নিলে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর ভারতপন্থি রাজনীতিকদের কাছেও নেতিবাচক বার্তা যেতে পারে বলে মনে করে দিল্লি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত শেখ হাসিনাকে এখনো প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। এ অবস্থান থেকে প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন আইনি দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশের অনুরোধটি ঝুলিয়ে রাখা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
বিবিসির প্রতিবেদনে ভারতীয় সরকারি কর্মকর্তাদের বরাতে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে দিল্লির দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে।
প্রথম শর্ত—সামরিক বাহিনীর তত্ত্বাবধান ও নিরাপত্তা: ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশ সামরিক বাহিনীর বিমানে ভারতে গিয়েছিলেন, একইভাবে আকাশ বা স্থলপথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাঁকে ফিরিয়ে নিতে হবে। দেশে ফেরার পর তাঁর সার্বিক নিরাপত্তার দায়িত্বও সেনাবাহিনীকে নিতে হবে।
দ্বিতীয় শর্ত—মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল ও পুনর্বিচার: মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত মামলার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, এসব শর্তের ভিত্তিতে প্রত্যাবর্তনের পথ তৈরি করতে গত কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছে দিল্লি। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর আকস্মিক দিল্লি সফর এবং ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে তাঁর বৈঠককেও এই কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে ভারতীয় সামরিক সূত্র।
ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশও এখনই আগ্রহী নয়। জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে তাঁর দেশে ফেরা নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে—এমন আশঙ্কা রয়েছে ঢাকার, বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ কারণে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে প্রত্যাবর্তনের বিষয়ে প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হওয়া কঠিন। ভারতীয় পর্যবেক্ষকদের ধারণা, সব সমীকরণ মিলে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা খুবই কম।
বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরতে না পারলেও এ পরিস্থিতি থেকে কূটনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ দেখছে দিল্লি। তাঁর ফেরার ঘোষণা দেশে ও বিদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় রাখতে ভূমিকা রাখতে পারে।
পাশাপাশি ভবিষ্যতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রাখার পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগও তৈরি হতে পারে ভারতের। সে ক্ষেত্রে দিল্লি বলতে পারবে, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের অনাগ্রহ বা পরিস্থিতির কারণে তাঁর প্রত্যাবর্তন সম্ভব হয়নি।
তবে এসব কূটনৈতিক হিসাব ও শর্তের বিষয়টি বিবিসির প্রতিবেদনে উদ্ধৃত ভারতীয় কর্মকর্তা, সামরিক সূত্র ও পর্যবেক্ষকদের বক্তব্যের ভিত্তিতে উঠে এসেছে।