পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের হস্তক্ষেপ চেয়েছেন। কারাগারে দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় রাখার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে দাবি করে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সময়মতো চিকিৎসা না পেলে তাঁর জীবন ঝুঁকিতে পড়তে পারে। সোমবার (১৬ নভেম্বর) […]
ছবি: সংগৃহীত
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের হস্তক্ষেপ চেয়েছেন। কারাগারে দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় রাখার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে দাবি করে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সময়মতো চিকিৎসা না পেলে তাঁর জীবন ঝুঁকিতে পড়তে পারে।
সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব কথা বলেন ইমরান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর তাঁর নির্দেশনা অনুযায়ী চিঠিটি তৈরি করেন বলে জানান আইনজীবী।
চিঠিতে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে ইমরান জানান, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। গত ১০ নভেম্বর তাঁর রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল বলেও দাবি করেন তিনি। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলে চিঠিতে উল্লেখ করেন।
ইমরানের অভিযোগ, তাঁকে দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হচ্ছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছে। চলতি বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার দেখা করার অনুমতি পেয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন।
দীর্ঘদিন একাকী বন্দি থাকা এবং মানুষের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের অভাবে তাঁর মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান ইমরান। তাঁর দাবি, কারাগারের নিজস্ব মেডিকেল বোর্ডও তাঁর উদ্বেগের বিষয়টি নথিভুক্ত করেছে এবং স্ত্রী ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বই পড়া ও টেলিভিশন দেখার সুযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছে। কিন্তু সেই পরামর্শ বাস্তবায়ন করা হয়নি।
স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তাঁর দাবি, গত এপ্রিলে বুশরার রেটিনা বিচ্ছিন্ন হয়ে গেলে অস্ত্রোপচার করাতে হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না হলে তাঁর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন ইমরান।
চিঠিতে ইমরান আরও বলেন, গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, আদালতের সেই নির্দেশ এখনো পুরোপুরি কার্যকর হয়নি।
তবে ইমরানের চিকিৎসা নিয়ে সরকারের বক্তব্যও রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার জানিয়েছে, তাঁকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) একাধিকবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা ও রক্তচাপ সন্তোষজনক ছিল। গত ১১ নভেম্বর তাঁকে চোখের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে। হাসপাতালের বিবৃতিতে তাঁকে ‘ক্লিনিক্যালি স্থিতিশীল’ বলা হয়। সরকার কারাগারে নির্জন বন্দিত্ব ও পরিবারের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে।
ইমরান খান ও বুশরা বিবি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান। তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে বুশরাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চিঠির শেষাংশে ইমরান বলেন, তিনি আদালতের কাছে বিশেষ কোনো সুবিধা চাইছেন না। শুধু আগের আদেশগুলো কার্যকর করা এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। তিনি লেখেন, ‘আমি বেঁচে থাকলেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’
সূত্র: ডন, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস