সারাদেশে বিয়ে ও তালাক নিবন্ধন কার্যক্রম বন্ধ রেখে পাঁচ দফা দাবিতে দিনব্যাপী কলম বিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয়। এতে দিনভর বিয়ে নিবন্ধন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কাজীদের দাবিগুলোর মধ্যে রয়েছে লাইসেন্সে নির্ধারিত কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, […]
ছবি: সংগৃহীত
সারাদেশে বিয়ে ও তালাক নিবন্ধন কার্যক্রম বন্ধ রেখে পাঁচ দফা দাবিতে দিনব্যাপী কলম বিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয়। এতে দিনভর বিয়ে নিবন্ধন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
কাজীদের দাবিগুলোর মধ্যে রয়েছে লাইসেন্সে নির্ধারিত কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, কাজীর সনদ প্রদান এবং বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণ। পাশাপাশি নিকাহনামা ও তালাকনামা সংশোধনের ফি নির্ধারণ এবং বিয়ে নিবন্ধনে বর-কনের বয়সসংক্রান্ত বিধান যুগোপযোগী করার দাবিও জানিয়েছেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে অবস্থান ও কর্মবিরতি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। পরে দুপুরে সংগঠনের নেতারা জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন। এতে জেলার প্রায় শতাধিক নিকাহ রেজিস্ট্রার অংশ নেন।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নিকাহ রেজিস্ট্রাররা ইসলামী মূল্যবোধ ও প্রচলিত আইন অনুযায়ী মুসলমানদের বিয়ে ও তালাক সম্পাদন এবং নিবন্ধনের দায়িত্ব পালন করছেন। কিন্তু পেশার সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার সমাধান না হওয়ায় দায়িত্ব পালনে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে।
পাঁচ দফা দাবি
নিকাহ রেজিস্ট্রারদের দাবিগুলো হলো—
১. কর্মরত কাজীদের লাইসেন্সে উল্লেখিত নির্ধারিত এলাকা বহাল রাখা এবং জনস্বার্থে কেবল শূন্য এলাকায় নতুন লাইসেন্স দেওয়া।
২. ১৮৮০ সালের ‘দি কাজীস অ্যাক্ট’-এর অধীনে আগের মতো কাজীদের সনদ প্রদান।
৩. ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা সংশোধন করে লাইসেন্স ও ফি-সংক্রান্ত অসংগতি দূর করা।
৪. বিবাহ ও তালাক নিবন্ধন ফি যুগোপযোগীভাবে পুনর্নির্ধারণ এবং নিকাহনামা ও তালাকনামা সংশোধনের ফি এক হাজার টাকা নির্ধারণ।
৫. বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বর-কনের বয়সসংক্রান্ত বিধান যুগোপযোগী করা।
রাজশাহীর কর্মসূচিতে কাজী খায়বর হোসেন, কাজী জহুরুল আলম, কাজী হাবিবুর রহমান ও কাজী বাছারসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও কর্মবিরতি পালন করেন কাজীরা। সেখানে আইন মন্ত্রণালয়ের এলাকা বিভাজনের নতুন উদ্যোগকে ‘অযৌক্তিক ও হঠকারী’ বলে প্রতিবাদ জানান তারা। বক্তারা বলেন, বর্তমান কর্ম-অধিক্ষেত্রেই বিয়ের সংখ্যা কমে যাওয়ায় কাজীরা আর্থিক সংকটে রয়েছেন। এ অবস্থায় নতুন করে কাজী নিয়োগের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।
রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা সোয়া ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, কাজীদের সুযোগ-সুবিধা না বাড়িয়ে উল্টো তাঁদের কর্ম-অধিক্ষেত্র কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁদের দাবি, আগে প্রতিটি ইউনিয়নে একজন এবং পৌরসভার প্রতি দুটি ওয়ার্ডে একজন করে কাজী দায়িত্ব পালন করতেন। এখন প্রতি ইউনিয়নে তিনজন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। আগের এলাকাভিত্তিক নিয়ম বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
পঞ্চগড়েও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান ও কলম বিরতি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। সেখানে বহিরাগতদের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ডিজিটাল পদ্ধতিতে কর্ম-অধিক্ষেত্রের সীমানা নির্ধারণের দাবি জানানো হয়। পাশাপাশি ভুয়া কাজী ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের কঠোর আইনি সুরক্ষা চেয়েছেন তাঁরা।
কাজীরা বলেন, পেশাগত মর্যাদা ও সেবার মান নিশ্চিত করতে তাঁদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান প্রয়োজন। ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা বহাল রাখার দাবি জানিয়ে তাঁরা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে আলোচনা ছাড়া নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
সূত্র: বাংলাট্রিবিউন