সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৬:৫১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬

এবার চ্যাটজিপিটিই করবে কেনাকাটা, ব্যাংক কার্ড যুক্ত করে পেমেন্টের সুযোগ আনছে ওপেনএআই

অনলাইনে পণ্য খোঁজা থেকে শুরু করে দাম ও বৈশিষ্ট্য যাচাই—সব কাজই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় করার সুযোগ বাড়ছে। এবার সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ নামে নতুন পেমেন্ট সুবিধা চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ক্রেডিট বা ডেবিট কার্ড যুক্ত করে এআই এজেন্টের সাহায্যে পণ্য কেনার পাশাপাশি অ্যাপ থেকেই অর্থ পরিশোধ করতে পারবেন। তবে […]

এবার চ্যাটজিপিটিই করবে কেনাকাটা, ব্যাংক কার্ড যুক্ত করে পেমেন্টের সুযোগ আনছে ওপেনএআই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অনলাইনে পণ্য খোঁজা থেকে শুরু করে দাম ও বৈশিষ্ট্য যাচাই—সব কাজই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় করার সুযোগ বাড়ছে। এবার সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ নামে নতুন পেমেন্ট সুবিধা চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ক্রেডিট বা ডেবিট কার্ড যুক্ত করে এআই এজেন্টের সাহায্যে পণ্য কেনার পাশাপাশি অ্যাপ থেকেই অর্থ পরিশোধ করতে পারবেন। তবে প্রতিটি লেনদেনের চূড়ান্ত অনুমোদন দিতে হবে ব্যবহারকারীকে।

ওপেনএআইয়ের তথ্যমতে, নতুন সুবিধাটি তাদের ‘ডটস’ এআই এজেন্টের সঙ্গে কাজ করবে। ব্যবহারকারী একবার কার্ডের তথ্য যুক্ত করলে পরবর্তী সময়ে কেনাকাটার সময় বারবার কার্ডের তথ্য দিতে হবে না। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী এআই এজেন্ট পণ্য খুঁজে বের করবে এবং কেনাকাটার প্রক্রিয়া প্রস্তুত করবে।

তবে অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট দাম এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা ব্যবহারকারীকে দেখানো হবে। সব তথ্য যাচাই করে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনুমোদন দিলেই কেবল লেনদেন সম্পন্ন হবে।

কার্ডের তথ্য সুরক্ষায় পেমেন্ট টোকেন

কার্ডের তথ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা রেখেছে ওপেনএআই। প্রতিটি লেনদেনের সময় প্রকৃত কার্ড নম্বরের পরিবর্তে একটি ‘পেমেন্ট টোকেন’ ব্যবহার করা হবে। এটি মূল কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করবে। ফলে কেনাকাটার ওয়েবসাইট কিংবা এআই এজেন্ট ব্যবহারকারীর প্রকৃত কার্ড নম্বর, নিরাপত্তা কোড বা মেয়াদসংক্রান্ত তথ্য দেখতে পারবে না।

এ ছাড়া প্রতিটি কেনাকাটার অনুমোদনসংক্রান্ত তথ্যও আলাদাভাবে সংরক্ষণ করা হবে।

ভিসা, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে অংশীদারত্ব

নতুন সুবিধাটি চালু করতে ওপেনএআই আমেরিকান এক্সপ্রেস, মাস্টারকার্ড ও ভিসার সঙ্গে অংশীদারত্ব করেছে। এর ফলে ব্যবহারকারীরা নিজস্ব কার্ডের প্রচলিত রিওয়ার্ড পয়েন্ট এবং নির্দিষ্ট ক্ষেত্রে লেনদেনসংক্রান্ত সুরক্ষাসুবিধাও আগের মতো পাবেন।

তবে এআই এজেন্টের দেওয়া পণ্যের তথ্য বা নির্বাচনে নির্ভুলতার নিশ্চয়তা নেই। তাই অর্থ পরিশোধের অনুমোদন দেওয়ার আগে পণ্যের বিবরণ ও দাম সতর্কতার সঙ্গে যাচাই করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে কারা ব্যবহার করতে পারবেন?

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৮ বছর বা তার বেশি বয়সী ‘চ্যাটজিপিটি প্রো’ গ্রাহকদের জন্য সুবিধাটি চালু হচ্ছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ইস্যু করা সমর্থিত ব্যাংক কার্ড ব্যবহার করতে হবে।

বর্তমানে প্রতিটি কেনাকাটায় ব্যবহারকারীর অনুমোদন বাধ্যতামূলক। ভবিষ্যতে নির্দিষ্ট খরচের সীমা, পণ্যের ধরন কিংবা সময়সীমা নির্ধারণ করে এআই এজেন্টকে আগাম অনুমোদনের মাধ্যমে কেনাকাটার সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে ওপেনএআইয়ের।

সূত্র: ওপেনএআই

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ