প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলা, রাজনৈতিক ঐক্য এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে […]
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলা, রাজনৈতিক ঐক্য এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, মাগরিবের নামাজের আগে ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না বলে সূত্র জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অতীতের মতো এক মঞ্চে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তাঁরা একমত হন।
বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তবে আলোচনায় উঠে আসা বিষয়গুলো নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা বৈঠকের পরিপ্রেক্ষিতে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা এখনো জানা যায়নি।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। চলমান সহিংসতা ও রাজনৈতিক মতপার্থক্যের মধ্যে দুই নেতার এই সাক্ষাৎ সরকার ও বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সমঝোতার পথ তৈরি করে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।