অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মতি না নেওয়ার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে, ফেসবুকের একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল প্রতিষ্ঠানটি। অথচ এ বিষয়ে […]
ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মতি না নেওয়ার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে, ফেসবুকের একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল প্রতিষ্ঠানটি। অথচ এ বিষয়ে ব্যবহারকারীদের যথেষ্ট স্পষ্টভাবে জানানো হয়নি।
১৪ নভেম্বর ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এ জরিমানার সিদ্ধান্ত জানায়। কর্তৃপক্ষের হিসাবে, দেশটিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ফিচারের আওতায় পড়তে পারেন। একই সঙ্গে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু রাখার ব্যবস্থা বন্ধ করে ৬০ দিনের মধ্যে আলাদা ও স্পষ্ট সম্মতি নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
কীভাবে ব্যবহার করা হচ্ছিল ছবি
বিতর্কের কেন্দ্রে রয়েছে ফেসবুকের ‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়াইল ব্রাউজিং ফেসবুক’ নামের একটি ফিচার। ২০২৩ সাল থেকে চালু থাকা এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় তাঁদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে পোস্ট করার পরামর্শ পেতেন।
ইতালির নিয়ন্ত্রক সংস্থার তদন্তে বলা হয়েছে, ফিচারটি ব্যবহারের জন্য ফেসবুক অ্যান্ড্রয়েড ফোনে গ্যালারির প্রবেশাধিকার চাইত। কিন্তু একটি সাধারণ অনুমতির মাধ্যমেই অ্যাপের একাধিক ফিচারের জন্য প্রবেশাধিকার নেওয়া হতো। অনুমতি চাওয়ার আগে দেওয়া নোটিশেও গ্যালারির ছবি থেকে পোস্টের পরামর্শ তৈরির বিষয়টি স্পষ্ট ছিল না।
কর্তৃপক্ষের মতে, ফিচারটি ডিফল্টভাবেই চালু ছিল। ফলে ব্যবহারকারীরা আলাদাভাবে এ সুবিধার বিষয়ে অবগত হয়ে সম্মতি দেওয়ার সুযোগ পাননি। ইতালির আইন অনুযায়ী, স্মার্টফোনে সংরক্ষিত ব্যক্তিগত তথ্যের মতো সংবেদনশীল উপাদানে প্রবেশের ক্ষেত্রে অবাধ ও অবহিত সম্মতি প্রয়োজন।
মেটাকে ৬০ দিনের সময়সীমা
জরিমানার পাশাপাশি ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ মেটাকে ৬০ দিনের মধ্যে ফিচারটি ডিফল্ট অবস্থায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে এটি চালু করতে হলে ব্যবহারকারীর কাছ থেকে আলাদাভাবে স্পষ্ট সম্মতি নিতে হবে। পাশাপাশি ফিচারটি কী কাজে ব্যবহৃত হয়, ফোনের গ্যালারিতে প্রবেশের বিষয়টি এবং কীভাবে এটি বন্ধ করা যায়—এসব তথ্য পরিষ্কারভাবে জানাতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সম্ভাব্যভাবে এ ফিচারের আওতায় পড়েছেন। জরিমানার পরিমাণ নির্ধারণে ব্যবহারকারীর সংখ্যা, অনিয়মের স্থায়িত্ব, মেটার আগের একটি সিদ্ধান্ত এবং তদন্তে প্রতিষ্ঠানটির অসহযোগিতার বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। জরিমানাটি মেটা গ্রুপের বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশের সমান।
জরিমানার বিরুদ্ধে আপিল করবে মেটা
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জরিমানাকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ উল্লেখ করে বলেছেন, ফিচারটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করতে সহায়তা করে। তাঁর দাবি, ফিচারটি কাজ করার আগে ব্যবহারকারীদের ফোনে অনুমতি দিতে হয় এবং তাঁরা চাইলে সেটিংস থেকে সেই অনুমতি পরিবর্তন করতে পারেন।
তদন্তটি শুরু হয়েছিল ২০২৫ সালের জুলাইয়ে। তবে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা এ তদন্তের আওতায় ছিল না। এমন ব্যবহারের অভিযোগ মেটা অস্বীকার করেছে। ২০২৬ সালে চালু হওয়া গ্যালারির ছবি ও ভিডিও ক্লাউডে পাঠিয়ে প্রক্রিয়াকরণের আরেকটি ফিচার নিয়েও আলাদাভাবে তদন্তের বিষয়টি বিবেচনায় রেখেছে ইতালির কর্তৃপক্ষ।
নিউ মেক্সিকোতেও ২৫ বিলিয়ন ডলারের জরিমানা
এর আগে গত ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেন। আদালতের নথি অনুযায়ী, ফেসবুকের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৩৯ লাখ লঙ্ঘনের অভিযোগে জুরির রায়ের পর এ অর্থদণ্ড নির্ধারণ করা হয়। মামলাটির সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা এবং কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির বিষয়টি যুক্ত ছিল।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়া বিপুলসংখ্যক ব্যক্তির তথ্য সংগ্রহের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারেও কাজ করেছিল। নিউ মেক্সিকোর মামলায় মেটার বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য ও নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়। ওই রায়ের বিরুদ্ধেও আপিলের কথা জানিয়েছে মেটা।
সূত্র: ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।