সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার […]
ছবি: সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত
নুরুল ইসলাম নাহিদ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে অন্য সংসদ সদস্যদের সঙ্গে নুরুল ইসলাম নাহিদেরও সংসদ সদস্য পদ বাতিল হয়।
স্ত্রীর সম্পদের হিসাবও চেয়েছে দুদক
গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর স্ত্রীর নামে এমন সম্পদের পরিমাণ ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকা বলে জানিয়েছে কমিশন।
দুদকের তথ্য অনুযায়ী, তাঁদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণের জন্য সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: জাগো নিউজ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।