সাংবাদিকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিটি হলের সংবাদকর্মীদের দলের বিপক্ষে খেলতে গিয়ে এ চোট পান তিনি। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে উপস্থিত হয়ে নিজেই চোটের বিষয়টি জানান মামদানি। মামদানি বলেন, খেলার আগে তিনি শরীর গরম করার […]
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিটি হলের সংবাদকর্মীদের দলের বিপক্ষে খেলতে গিয়ে এ চোট পান তিনি। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে উপস্থিত হয়ে নিজেই চোটের বিষয়টি জানান মামদানি।
মামদানি বলেন, খেলার আগে তিনি শরীর গরম করার জন্য প্রয়োজনীয় স্ট্রেচিং করেননি। মাঠে নামার কিছুক্ষণ পরই একটি গোল করেন। এরপর বলের পেছনে দৌড়াতে গিয়ে ডান পায়ে চোট পান। তাঁর ভাষায়, বয়স ৩৫ বছর হলেও মাঠে নেমে বয়সের কথা ভুলে গিয়েছিলেন তিনি।
চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাঁকে বিশেষ মেডিকেল বুট পরে থাকতে হবে। ফুটবল মাঠে ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন মামদানি।
ম্যাচের ফল নিয়ে মতভেদ
ম্যাচের ফল নিয়েও কিছুটা মতভেদ তৈরি হয়েছে। মামদানি দাবি করেছেন, তাঁর দল ১০-৫ গোলে সাংবাদিকদের দলকে হারিয়েছে। তবে সংবাদকর্মীদের কয়েকজনের হিসাবে ম্যাচের ফল ছিল ৮-৪, আবার কেউ কেউ ৮-৫ গোলের কথা জানিয়েছেন।
ম্যাচটি ছিল সিটি হলের কর্মী ও সংবাদকর্মীদের মধ্যে আয়োজিত সাতজনের ফুটবল খেলা। ম্যাচের শেষ দিকে বলের পেছনে ছুটতে গিয়ে কোনো খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষ ছাড়াই পড়ে যান মামদানি। পরে তাঁকে মাঠ থেকে বের হতে সহায়তা করেন উপস্থিত সংবাদকর্মী ও তাঁর প্রেস সেক্রেটারি।
শুক্রবার রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা করতে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রাচ ও মেডিকেল বুট পরে উপস্থিত হন মেয়র। বক্তব্য দেওয়ার সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে অসুবিধা হওয়ায় তাঁকে একটি স্টুলে বসতেও দেখা যায়।
তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), গথামিস্ট ও সিবিএস নিউইয়র্ক।