সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ফিচার
৩:২২ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬

দেশজুড়ে ধারাবাহিক নাশকতা, গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের সক্ষমতার ঘাটতি?

কঠোর নির্দেশনা, গোয়েন্দা নজরদারি, তল্লাশিচৌকি ও বিশেষ অভিযান চালিয়েও দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে। গোপালগঞ্জে দুটি […]

দেশজুড়ে ধারাবাহিক নাশকতা, গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের সক্ষমতার ঘাটতি?

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
৫ মিনিটে পড়ুন |

কঠোর নির্দেশনা, গোয়েন্দা নজরদারি, তল্লাশিচৌকি ও বিশেষ অভিযান চালিয়েও দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়ছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে। গোপালগঞ্জে দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনায় সেগুলোর কার্যক্রমও বন্ধ রাখতে হয়েছে। এসব ঘটনার পর প্রশ্ন উঠেছে, নাশকতার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো আগাম তথ্য পাচ্ছে না, নাকি তথ্য পাওয়ার পরও তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে পুলিশ।

এ বিষয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, দেশে সংঘাত-সংঘর্ষের রাজনীতি নতুন কিছু নয়। কেউ নাশকতার চেষ্টা করবে, সেটিও অস্বাভাবিক নয়। তবে কী ধরনের নাশকতা ঘটতে পারে, তা গোয়েন্দারা সব সময় আগেভাগে জানাতে পারবেন, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করা এবং একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপ নেওয়া জরুরি। ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, নাশকতার হুমকি থাকলে ফ্লাইওভারগুলোতে তল্লাশি জোরদার করতে হবে। প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পারলে পরিস্থিতি স্বাভাবিক করা সহজ হবে।

তবে সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা ভিন্নমত দিয়েছেন। তাঁর মতে, চলমান নাশকতা প্রতিরোধে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও ঘাটতি দেখা যাচ্ছে। কিছু ঘটনায় পুলিশ পরিস্থিতি কার্যকরভাবে সামাল দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

অবরোধ ও লকডাউন ঘিরে রাজধানীতে ধারাবাহিক হামলা

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের অবরোধ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে একাধিক নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া খিলক্ষেত, যাত্রাবাড়ী, খিলগাঁও ও আদাবর থানার সামনে বিস্ফোরণ ঘটানো হয়। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তর এবং রাজারবাগ পুলিশ লাইনসের সামনেও ককটেল হামলার ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ে মেট্রোরেলের নিচে, মিরপুর-১১, সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত প্রাঙ্গণেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখেও একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটে।

ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ছড়িয়ে পড়ে। অন্তত ২১ জেলায় থানা, হাসপাতাল, ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার খবর পাওয়া গেছে।

এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন চারজন। তাঁদের মধ্যে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের তিন নেতা এবং একজন বাসের সহকারী রয়েছেন। কেউ রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয়েছেন, কেউ সড়ক অবরোধ ঘিরে সহিংসতায় গুরুতর দগ্ধ হয়ে মারা গেছেন। পিরোজপুরে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক সহকারী আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। সেখানে ক্ষমতাসীন দলের তিন সংসদ সদস্যের বাড়ি, দুটি থানা, হাসপাতাল, ব্যাংক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

একই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়, এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। মামলাগুলোতে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোয়েন্দা সক্ষমতা ও পুলিশের ভূমিকা নিয়ে ভিন্নমত

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তাঁদের মতে, শুধু হামলার পর গ্রেপ্তার নয়, নাশকতার পরিকল্পনা, সংগঠক এবং অর্থায়নের উৎস শনাক্ত করাও জরুরি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড. কুদরাত-ই খুদা বলেন, গোয়েন্দা তৎপরতায় ঘাটতি থাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যাচ্ছে না। কোনো ঘটনা শুরু হলে সেটিও যথাযথভাবে মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমাবদ্ধতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও শুধু পুলিশকে সামনে রেখে দায় চাপালে সমস্যার সমাধান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পুলিশের সক্ষমতা ও জনআস্থার জায়গায় এখনো ঘাটতি রয়েছে। এ পরিস্থিতিতে শুধু পুলিশ মোতায়েন করে নাশকতা প্রতিরোধে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া কঠিন। এ জন্য দৃশ্যমান রাজনৈতিক ঐক্য প্রয়োজন।

তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ নাকচ করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। তবে এটিকে গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই। তাঁদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য রয়েছে এবং সেই অনুযায়ী নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কোনো অবস্থাতেই কাউকে নাশকতার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামরুম মুনিরাও গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক ও স্থিতিশীল রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা সংগঠন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে আইজিপি মো. আলী হোসেন ফকির বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ