নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির এক সংবাদ সম্মেলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে আলোচনার কেন্দ্রে মামদানির বক্তব্য নয়, বরং তাঁর পেছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির চোখের অস্বাভাবিক নড়াচড়া। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়েছে। কেউ কেউ ওই ব্যক্তিকে নিয়ে ‘রেপটিলিয়ান’ বা সরীসৃপসদৃশ প্রাণীর ষড়যন্ত্রতত্ত্বও সামনে এনেছেন। ঘটনাটি ঘটে গত ২০ নভেম্বর নিউইয়র্কের সিটি […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির এক সংবাদ সম্মেলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে আলোচনার কেন্দ্রে মামদানির বক্তব্য নয়, বরং তাঁর পেছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির চোখের অস্বাভাবিক নড়াচড়া। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়েছে। কেউ কেউ ওই ব্যক্তিকে নিয়ে ‘রেপটিলিয়ান’ বা সরীসৃপসদৃশ প্রাণীর ষড়যন্ত্রতত্ত্বও সামনে এনেছেন।
ঘটনাটি ঘটে গত ২০ নভেম্বর নিউইয়র্কের সিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। সেখানে রাইকার্স আইল্যান্ড কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা তুলে ধরছিলেন মেয়র মামদানি। এ সময় তাঁর পেছনে দাঁড়ানো নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি সদস্য জর্ডান জে জি রাইটকে একপর্যায়ে চোখ ওপরের দিকে ঘোরাতে দেখা যায়। ওই দৃশ্যের সংক্ষিপ্ত ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।
ভিডিওটি নিয়ে অনেকে রাইটের চোখের নড়াচড়াকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। কেউ কেউ তাঁকে কাল্পনিক ‘রেপটিলিয়ান’ বা মানুষের ছদ্মবেশে থাকা ভিন্ন কোনো প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। তবে এসব মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া প্রতিক্রিয়ায় রাইট বলেন, ভিডিওতে তাঁর চোখের এমন নড়াচড়া কেন হয়েছে, তা তিনি নিজেও ব্যাখ্যা করতে পারছেন না। তবে তিনি স্পষ্ট করে জানান, তিনি একজন মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘এলিয়েন’ বা সরীসৃপসদৃশ প্রাণীর তত্ত্বকে তিনি গুরুত্ব দেননি।
ভিডিওটির উৎস যাচাই করে দেখা গেছে, ঘটনাটি নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়ের মূল সরাসরি সম্প্রচারের ফুটেজেও রয়েছে। অর্থাৎ চোখের নড়াচড়ার দৃশ্যটি বাস্তব সংবাদ সম্মেলনেই ধারণ করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অতিরিক্ত জুম করা কিছু ভিডিওতে চোখের সাদা অংশ অস্বাভাবিকভাবে স্পষ্ট দেখানোর পেছনে স্ক্রিন রেকর্ডিং, অতিরিক্ত জুম ও ভিডিও কমপ্রেশনের প্রভাব থাকতে পারে বলে একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞ যাচাই ছাড়া ওই ব্যক্তির চোখের নড়াচড়ার নির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব নয়। তবে ভিডিও বা সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য থেকে তাঁর কোনো অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য কিংবা অমানবিক পরিচয়ের প্রমাণ মেলে না।
মামদানির ওই সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা। ২০৩২ সালের মধ্যে কারাগারটি বন্ধ করে শহরের বিভিন্ন বরোতে চারটি ছোট কারাগার গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মেয়র। একই সঙ্গে আগামী পাঁচ বছরে নিউইয়র্কের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ২ হাজার ৫০০ জন কমানোর লক্ষ্যও তুলে ধরেন তিনি।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, এনডিটিভি, হোয়াট দ্য ফ্যাক্ট