যুক্তরাষ্ট্রের সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘মেডিকেয়ার ফর অল’-এর নাম পরিবর্তন করে ‘ট্রাম্পকেয়ার’ রাখার প্রস্তাব দিয়েছেন মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাইয়েদ। তাঁর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এল-সাইয়েদের সঙ্গে বৈঠক করার আগ্রহও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এল-সাইয়েদের সঙ্গে তাঁর বৈঠক হবে। নবনির্বাচিত […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘মেডিকেয়ার ফর অল’-এর নাম পরিবর্তন করে ‘ট্রাম্পকেয়ার’ রাখার প্রস্তাব দিয়েছেন মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাইয়েদ। তাঁর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এল-সাইয়েদের সঙ্গে বৈঠক করার আগ্রহও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এল-সাইয়েদের সঙ্গে তাঁর বৈঠক হবে। নবনির্বাচিত এই সিনেটরের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি একজন বুদ্ধিমান মানুষ। তিনি ভালো কাজ করেছেন। সত্যিই খুব ভালো করেছেন।’
‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচির নাম পরিবর্তন করে ‘ট্রাম্পকেয়ার’ রাখার প্রস্তাবকে ‘খুবই বুদ্ধিদীপ্ত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘হয়তো আমরা মাঝামাঝি কোনো জায়গায় পৌঁছাতে পারব।’ তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি তিনি।
নির্বাচনী প্রচারে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেছিলেন আবদুল এল-সাইয়েদ। এ ইস্যুতে ট্রাম্পের সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধও তৈরি হয়েছিল। তবে চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোনালি রঙের একটি ‘ট্রাম্পকেয়ার’ কার্ডের নকশা প্রকাশ করেন তিনি। সেখানে প্রেসিডেন্টের প্রতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
গত ২১ নভেম্বর ওই পোস্টের স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেন ট্রাম্প। এরপরই প্রস্তাবটি নিয়ে তাঁর আগ্রহের বিষয়টি সামনে আসে।
এদিকে কংগ্রেসে নবনির্বাচিত ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে একযোগে কাজ করার সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তাঁর মতে, দুই পক্ষ একসঙ্গে অনেক ভালো কাজ করতে পারে। তবে শুরুতে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি সবকিছুতে ভেটো দেব। এরপর একপর্যায়ে তারা আলোচনায় আসতে চাইবে বলে মনে করি। তখন আমি রাজি হব। আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারব, একসঙ্গে অনেক ভালো কিছু করতে পারব।’
মধ্যবর্তী নির্বাচনের প্রচারপর্বে ট্রাম্প ও এল-সাইয়েদের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছিল। সেই বিরোধের পর স্বাস্থ্যসেবা ইস্যুতে আলোচনার আগ্রহ প্রকাশকে দুই নেতার সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: আল-আরাবিয়া, নিউইয়র্ক পোস্ট