ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চিহ্নিত হলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীর সদস্য ষড়যন্ত্রের […]
ছবি: সংগৃহীত
ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চিহ্নিত হলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীর সদস্য ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে তাঁদের আগেই সতর্ক করা হয়েছিল। এরপরও কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁকে কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। যাঁকে যেখানে চিহ্নিত করা হবে, তাঁর বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁরা কারাগারে রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার ফেরার বিষয়ে বিভিন্ন সময়ে নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বরের কথা বলা হলেও সরকার সব সময় সতর্ক রয়েছে।
সরকার কোনো চাপ অনুভব করছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কীসের চাপ?’ তিনি বলেন, এসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করেও একটি রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল বলে তিনি দাবি করেন। তবে প্রকৃত শ্রমিকেরা এর সঙ্গে জড়িত নন বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার ভিত্তিতে গণতান্ত্রিকভাবে মজুরি নির্ধারণ করা হয়েছে এবং বোর্ডের সদস্যরা তাতে স্বাক্ষর করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগকে সরকার আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তাদের স্বীকৃতি দেবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার পর আওয়ামী লীগের পতন হয়েছে এবং তাদের নেতারা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন। গণহত্যা, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত শক্তিগুলোকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশ আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর কেউ কেউ দেশে ফেরার চেষ্টা করতে পারে—এমন প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তের ওপারে আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতা বিভিন্ন এলাকায় যাতায়াত করছেন বলে তিনি শুনেছেন। পশ্চিম ও পূর্ব সীমান্তের কিছু এলাকায় তাঁদের অবস্থান এবং দেশে থাকা নেতাদের নির্দেশনা দেওয়ার বিষয়েও তথ্য পাওয়ার কথা জানান তিনি।
সালাহউদ্দিনের দাবি, এসব নেতার পক্ষ থেকে মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির কথা বলা হচ্ছে। তবে দেশের মানুষ এ ধরনের কর্মকাণ্ড চালাতে দেবে না বলে মনে করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে তিনি বলেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ এবং পুলিশের পাশাপাশি অতিরিক্ত ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে বিভিন্ন অপচেষ্টা মোকাবিলা করেছে। এতে প্রাণহানি, সহিংসতা বা হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ তাদের আগের কর্মকাণ্ড আবার শুরু করতে চেয়েছিল, যা দেশবাসী ও বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়েছে।
ভবিষ্যতে কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ালে, অগ্নিসংযোগ করলে কিংবা জনগণের সম্পদ ও জীবনের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গোপালগঞ্জের পরিস্থিতি এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তদন্তের সুযোগ তৈরি হয়েছিল। সেই তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো সংগঠন মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে জড়িত থাকলে তাদের বিচারের আওতায় আনার বিধান রয়েছে। তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের পর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।