আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিশুদের মধ্য থেকেই কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী কিংবা সশস্ত্র বাহিনীর সদস্য হবে। কেউ সরকারি দায়িত্ব পালন করবে, আবার কেউ একদিন দেশ পরিচালনার দায়িত্বও নেবে। বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি […]
ছবি: সংগৃহীত
আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিশুদের মধ্য থেকেই কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী কিংবা সশস্ত্র বাহিনীর সদস্য হবে। কেউ সরকারি দায়িত্ব পালন করবে, আবার কেউ একদিন দেশ পরিচালনার দায়িত্বও নেবে।
বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের এখন থেকেই বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং দেশকে ভালোবাসার ওপর গুরুত্ব দেন তিনি।
বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির তৃতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টির প্রতিনিধিদল এদিন বঙ্গভবন ঘুরে দেখে। প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কাছে বঙ্গভবন ঘুরে দেখার অভিজ্ঞতা জানতে চান। শিক্ষার্থীরা জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘরে সংরক্ষিত মূল্যবান সামগ্রী, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখে তারা আনন্দিত। রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি দেখা করতে পেরেও তারা উচ্ছ্বাস প্রকাশ করে।
শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় কাটায়। মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে তাদের বই পড়ার দিকে ফিরিয়ে আনতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে।’ তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে কাজ করার আহ্বান জানান তিনি।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অংশ নিতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন রাষ্ট্রপতি। দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশকে ভালোবাসতে হবে। দেশই মানুষের অস্তিত্ব, আশ্রয় ও জীবিকার ভিত্তি। দেশকে ভালোবেসে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যসূত্র: রাষ্ট্রপতির প্রেস উইং