সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিজ্ঞান ও প্রযুক্তি
১:৪৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

আট বছরের দীর্ঘ যাত্রা শেষে বুধ গ্রহের বেপিকলম্বো, উন্মোচন করবে গ্রহটির রহস্য

প্রায় আট বছরের দীর্ঘ মহাকাশযাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভিযান ‘বেপিকলম্বো’। প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহাকাশযানটি এখন গ্রহটিকে প্রদক্ষিণ করছে। সূর্যের সবচেয়ে কাছের এই গ্রহের গঠন, বিবর্তন এবং পৃষ্ঠের নানা রহস্য সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করাই এ অভিযানের প্রধান লক্ষ্য। ইউরোপীয় […]

আট বছরের দীর্ঘ যাত্রা শেষে বুধ গ্রহের বেপিকলম্বো, উন্মোচন করবে গ্রহটির রহস্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

প্রায় আট বছরের দীর্ঘ মহাকাশযাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভিযান ‘বেপিকলম্বো’। প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহাকাশযানটি এখন গ্রহটিকে প্রদক্ষিণ করছে। সূর্যের সবচেয়ে কাছের এই গ্রহের গঠন, বিবর্তন এবং পৃষ্ঠের নানা রহস্য সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করাই এ অভিযানের প্রধান লক্ষ্য।

ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জেএএক্সএ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। বিজ্ঞানীরা আশা করছেন, বুধের মেরু অঞ্চলের গভীর গর্তে কীভাবে বরফ টিকে আছে এবং গ্রহটির পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য গহ্বর কীভাবে তৈরি হয়েছে, বেপিকলম্বো সেসব প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে।

বুধ গ্রহে তাপমাত্রার ব্যাপক তারতম্য দেখা যায়। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহটির তাপমাত্রা দিনের বেলায় সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে, রাতের বেলায় তা নেমে যেতে পারে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। সূর্যের অত্যন্ত কাছাকাছি অবস্থানের কারণে গ্রহটি তীব্র সৌর বিকিরণের মুখে থাকে। এ কারণে সেখানে অনুসন্ধান চালানো বেশ কঠিন।

লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা বান্স বলেন, বৈজ্ঞানিকভাবে বুধ গ্রহকে জানার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। গ্রহটি কীভাবে গঠিত হয়েছে, সময়ের সঙ্গে কীভাবে বিবর্তিত হয়েছে এবং বর্তমানে এর গঠন কেমন, তা জানা জরুরি। পাশাপাশি সূর্যের সঙ্গে বুধের মিথস্ক্রিয়া এবং চরম মহাকাশ আবহাওয়ার প্রভাব সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

আট বছরের যাত্রায় পাড়ি দিয়েছে বিপুল দূরত্ব

২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে বুধের উদ্দেশে যাত্রা শুরু করে বেপিকলম্বো। সৌরজগতের ভেতরের দিকে এগিয়ে যাওয়ার সময় সূর্যের প্রবল মহাকর্ষীয় টান সামলে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে হয়েছে মহাকাশযানটিকে।

যাত্রাপথে মহাকাশযানটি একবার পৃথিবী, দুবার শুক্র এবং ছয়বার বুধ গ্রহের পাশ দিয়ে অতিক্রম করেছে। পরিকল্পনা অনুযায়ী সাত বছরের মধ্যে বুধে পৌঁছানোর কথা থাকলেও প্রপালশন বা চালনা ব্যবস্থার সমস্যার কারণে অভিযানে আরও এক বছর বেশি সময় লাগে।

বুধ নিয়ে এখনো অনেক রহস্য

এখন পর্যন্ত মাত্র তিনটি মহাকাশযান বুধ গ্রহের কাছাকাছি গিয়ে অনুসন্ধান চালিয়েছে। ১৯৭০-এর দশকে নাসার ‘মেরিনার-১০’ মহাকাশযান তিনবার বুধের পাশ দিয়ে উড়ে যায়। পরে ২০১১ সালে ‘মেসেঞ্জার’ মহাকাশযান গ্রহটির কক্ষপথে প্রবেশ করে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

বুধ গ্রহ আকারে পৃথিবীর চাঁদের চেয়ে সামান্য বড়। এর পৃষ্ঠে রয়েছে প্রাচীন আগ্নেয়গিরির চিহ্ন, সুউচ্চ খাড়া পাহাড় এবং অসংখ্য বিশাল গর্ত। গ্রহটির পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা গহ্বরগুলোর গঠন ও বৈশিষ্ট্যও বিজ্ঞানীদের আগ্রহের বিষয়।

বুধের সময় গণনার ধরনও পৃথিবীর তুলনায় ভিন্ন। গ্রহটি সূর্যের চারপাশে একবার ঘুরতে পৃথিবীর হিসাবে ৮৮ দিন সময় নেয়। অর্থাৎ, বুধের এক বছর পৃথিবীর ৮৮ দিনের সমান। তবে নিজ অক্ষের ওপর একবার ঘুরতে গ্রহটির প্রায় ৫৯ পৃথিবী-দিন লাগে।

বেপিকলম্বো অভিযানের মাধ্যমে বুধের পৃষ্ঠ, অভ্যন্তরীণ গঠন, চৌম্বকক্ষেত্র এবং সূর্যের সঙ্গে এর সম্পর্ক নিয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা। এসব তথ্য শুধু বুধ গ্রহের ইতিহাস নয়, সৌরজগতের গ্রহগুলো কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে, তা বুঝতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

Advertise with us
এ বিভাগের আরও খবর

চোখে দেখা যায় না, তবুও যার দাম বিলিয়ন ডলার: আধুনিক অর্থনীতির অদৃশ্য সম্পদ
২ সপ্তাহ আগে
২০২৯ সালের মধ্যে বন্ধ হতে পারে টু-জি, অচল হওয়ার ঝুঁকিতে কোটি কোটি বাটন ফোন
৩ সপ্তাহ আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ