ইরানের কাছে ইউরোপে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ওই অঞ্চলে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ বা নিউক্লিয়ার হলোকাস্টের পরিস্থিতি তৈরি হতে পারে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাঙ্কসগিভিং দিবস উপলক্ষে ফ্লোরিডায় নিজের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো থেকে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে […]
ছবি: সংগৃহীত
ইরানের কাছে ইউরোপে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ওই অঞ্চলে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ বা নিউক্লিয়ার হলোকাস্টের পরিস্থিতি তৈরি হতে পারে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাঙ্কসগিভিং দিবস উপলক্ষে ফ্লোরিডায় নিজের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো থেকে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। আমাদের (যুক্তরাষ্ট্রে) পৌঁছানোর সক্ষমতা তাদের নেই, কিন্তু ইউরোপে পৌঁছানোর সক্ষমতা আছে।’
গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা নিয়ে বক্তব্য দিয়ে আসছে তেহরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদেরও সতর্ক করেছে ইরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই বক্তব্যে ইউরোপে ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছানোর সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যে পারমাণবিক হামলার আশঙ্কা ট্রাম্পের
ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় না থাকলে ইরান ইসরায়েলসহ ওই অঞ্চলের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে।
তিনি বলেন, ‘সেক্ষেত্রে দেখা যাবে, ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ছুড়ছে। আর সেখানে একটি পারমাণবিক ধ্বংসযজ্ঞ তৈরি হবে।’
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওই অঞ্চলের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই। তবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করাই যুক্তরাষ্ট্রের প্রয়োজন।
ইরানের নেতাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমি তাদের চিনতে পেরেছি, এবং সত্যি বলতে তারা উন্মাদ। তারা আসলেই উন্মাদ। সে কারণেই আমরা তাদের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেব না।’
ড্রোন হামলা নিয়ে ইরান-কুয়েতের উত্তেজনা
এদিকে ড্রোন হামলার ঘটনায় ইতালির দুই নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে ইরান ও কুয়েতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কুয়েতে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওই দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইরানকে দায়ী করা হলে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও এ ঘটনায় ইরানের সমালোচনা করে বিবৃতি দিয়েছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আরাগচির দাবি, নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা।