সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:৩৮ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় জোরেশোরে মাঠে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতাকে কেন্দ্র করে ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্যোগও নিচ্ছে সরকার। নভেম্বরের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন […]

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় জোরেশোরে মাঠে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৫ মিনিটে পড়ুন |

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতাকে কেন্দ্র করে ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্যোগও নিচ্ছে সরকার।

নভেম্বরের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও মিছিল করছে ক্ষমতাসীন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগামী ১ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে দলটি। ওই সমাবেশ থেকে ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিরোধী দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান জানিয়েছে। এর অংশ হিসেবে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। জামায়াতসহ ১১ দলের সঙ্গেও শিগগিরই আলোচনায় বসার উদ্যোগ রয়েছে সরকারের।

সরকারের বাইরে থাকলেও জামায়াত ও তাদের অন্যতম মিত্র এনসিপি নিজেদের কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় রয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে জামায়াত ৪০ দিন এবং এনসিপি ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দলগুলোর নেতারা বলছেন, রাজনৈতিক নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিও পালন করবেন তারা।

বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ তৈরি হোক, তা চায় না সরকার। তাদের আশঙ্কা, শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এ কারণে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আওয়ামী লীগবিরোধী দলগুলোকে একটি সমন্বিত অবস্থানে আনার চেষ্টা করছে সরকার।

জামায়াতের একাধিক নেতাও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিএনপির কিছু কর্মকাণ্ডের সমালোচনা থাকলেও তারা বর্তমান সরকারের অমঙ্গল চান না। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার প্রশ্নে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পাঁচ দাবিতে সোচ্চার থাকবে এনসিপি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে সভা-সমাবেশসহ ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। এরই মধ্যে ২৩ নভেম্বর চট্টগ্রাম, ২৪ নভেম্বর ঢাকা এবং ২৭ নভেম্বর গাজীপুরে বড় ধরনের শোডাউন করেছে দলটি। সারাদেশে নাশকতা ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

দলটির ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিক কর্মসূচি চলবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সরকারের পক্ষ থেকে সম্মিলিত কর্মসূচির প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন দলটির একাধিক নেতা।

তবে শুধু আওয়ামী লীগকে প্রতিহত করাই তাদের আন্দোলনের লক্ষ্য নয় বলে জানিয়েছেন এনসিপির নেতারা। ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে ঠেকানোর পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সম্পর্কিত বিষয়ে সরকার ভবিষ্যতে কীভাবে পদক্ষেপ নেবে, সে বিষয়ে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছেন তারা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতেও তারা সোচ্চার থাকবেন।

সরকারের পক্ষ থেকে এক প্ল্যাটফর্মে কাজ করার আহ্বান এলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

সরকারের আহ্বান পেলে পাশে থাকার কথা জামায়াতের

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলেও শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিহত করার প্রশ্নে রাজপথে সক্রিয় থাকার অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী। ডিসেম্বর ঘিরে দলটি দেশব্যাপী সভা-সমাবেশসহ ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি ১১ দলীয় জোটের শরিকদের নিয়েও মাঠে থাকতে চায় তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সংলাপেও ১১ দলীয় জোটের পক্ষ থেকে একসঙ্গে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

এর আগে ২১ নভেম্বর নাশকতার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জামায়াত। ২৫ নভেম্বর একই দাবিতে ঢাকার বাইরে ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আগামী ৩০ নভেম্বর দেশের উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল করার কর্মসূচি রয়েছে দলটির।

জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, ডিসেম্বরেও নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। তাদের দাবি, গণহত্যার সঙ্গে জড়িত সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। এ কারণে এনসিপিসহ রাজপথে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলকেও সঙ্গে রাখতে চান তারা।

দলটির ঢাকা মহানগরী দক্ষিণের একজন গুরুত্বপূর্ণ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগকে প্রতিহত করার পাশাপাশি সরকারের ব্যর্থতাও তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের পক্ষের অন্য দলগুলোকে নিয়ে সরকার সম্মিলিত কর্মসূচির আহ্বান জানালে তাতে সাড়া দেওয়ার বিষয়ে দলীয় নেতৃত্বের ইতিবাচক মনোভাব রয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, নাশকতার বিরুদ্ধে তারা ইতোমধ্যে দলীয়ভাবে আন্দোলন করছেন। সামনে ১১ দলীয় জোটের শরিকদের নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপেও জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে প্রতিহত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হলে জামায়াত সাড়া দেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আগে সরকার প্রস্তাব দিক, এরপর তারা বিষয়টি বিবেচনা করবেন। আপাতত ১১ দলীয় জোটের পক্ষ থেকেই সোচ্চার থাকতে চান তারা।

১ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় গত প্রায় এক মাস ধরে রাজপথে সভা-সমাবেশ ও মিছিল করছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় প্রতিদিনই নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে। একই সঙ্গে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও দলীয় কর্মসূচি চলছে।

ডিসেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই ডিসেম্বর মাসের জন্য বড় কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে তার।

শুক্রবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিজয়ের মাস এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দল ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী ডিসেম্বরের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

বিএনপির এক যুগ্ম মহাসচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি রাজনৈতিক বার্তা দিতে চায় দলটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছে। দলীয় নেতাকর্মীরাও তাদের সহযোগিতা করছেন। মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী বড় কর্মসূচি ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী অন্যান্য রাজনৈতিক শক্তিও রাজপথে থাকবে বলে প্রত্যাশা করেন বিএনপির এই নেতা।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ