সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:৩৬ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

বিশ্বের অর্ধশতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশাসন প্রায় ৬০টি দেশের আমদানি পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ […]

অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বের অর্ধশতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশাসন প্রায় ৬০টি দেশের আমদানি পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। এ ক্ষেত্রে ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা আইনি ভিত্তি হিসেবে ব্যবহার করা হতে পারে। প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রমপ্রথা-সংক্রান্ত তদন্তের ফলাফলের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবিত শুল্কের আওতায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন, ভারত, জাপান, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন বাণিজ্য অংশীদার দেশ অন্তর্ভুক্ত হতে পারে। যেসব দেশের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে, তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসন কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৫০ শতাংশ এবং ব্রাজিলের কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য নীতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী বৈশ্বিক পারস্পরিক শুল্কনীতির একটি অংশ বাতিল করে। এরপর প্রশাসন বিকল্প আইনি পথ ব্যবহার করে নতুন শুল্ক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়।

ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পকে প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে কিছু প্রয়োজনীয় ভোগ্যপণ্যকে শুল্কমুক্ত রাখা এবং নির্দিষ্ট ইস্পাত ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-সংকট, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে জনঅসন্তোষের মধ্যেই নতুন এই শুল্ক পরিকল্পনা সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, অতিরিক্ত শুল্ক কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের ভোক্তা বাজারে নতুন চাপ সৃষ্টি হতে পারে।

সাম্প্রতিক একাধিক জনমত জরিপে দেখা গেছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে সন্তুষ্ট নন উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন ভোটার।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ