ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনকে ঘিরে বাড়ছে উন্মাদনা। এবারের আসরে মার্কিন পপ তারকা কেটি পেরি ও বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন গ্র্যামিজয়ী ব্যান্ড মানা, আলেহান্দ্রো […]
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনকে ঘিরে বাড়ছে উন্মাদনা। এবারের আসরে মার্কিন পপ তারকা কেটি পেরি ও বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন গ্র্যামিজয়ী ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা। সেখানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি ও আধুনিক লোকজ ঐতিহ্যের সমন্বয় তুলে ধরা হবে।
কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে দেশটির প্রথম ম্যাচের আগে মঞ্চে উঠবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফির একটি বিশেষ মোজাইক সংস্করণও প্রদর্শন করা হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে কেটি পেরি ও ডিজে সঞ্জয়কে নিয়ে আয়োজিত অনুষ্ঠানকে ফিফা “উচ্চ-শক্তির মহোৎসব” হিসেবে বর্ণনা করেছে। আয়োজকদের মতে, এই আয়োজন বিশ্বকাপের বৈশ্বিক ব্যাপ্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন ঘটাবে।
এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।
ফিফা ইতোমধ্যে রেকর্ড ৭২৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে অন্তত সাড়ে ১০ মিলিয়ন ডলার। আর চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে।