মিশরের আলেকজান্দ্রিয়া শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে আবু কির উপসাগরের নিচে শতাব্দীর পর শতাব্দী ধরে হারিয়ে ছিল প্রাচীন বন্দরনগরী হেরাক্লিয়ন। বহুদিন ধরে এর অস্তিত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও, শহরটির প্রকৃত ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় ২০০০ সালে এক আকস্মিক অভিযানে। সেই সময় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডার ওয়াটার আর্কিওলজির একদল গবেষক সমুদ্রের তলদেশে নেপোলিয়নের হারিয়ে যাওয়া […]
ছবি: সংগৃহীত
মিশরের আলেকজান্দ্রিয়া শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে আবু কির উপসাগরের নিচে শতাব্দীর পর শতাব্দী ধরে হারিয়ে ছিল প্রাচীন বন্দরনগরী হেরাক্লিয়ন। বহুদিন ধরে এর অস্তিত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও, শহরটির প্রকৃত ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় ২০০০ সালে এক আকস্মিক অভিযানে।
সেই সময় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডার ওয়াটার আর্কিওলজির একদল গবেষক সমুদ্রের তলদেশে নেপোলিয়নের হারিয়ে যাওয়া একটি যুদ্ধজাহাজের সন্ধান করছিলেন। অভিযানের নেতৃত্বে ছিলেন খ্যাতিমান প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক গডিও। অনুসন্ধানের একপর্যায়ে তারা সমুদ্রের নিচে বালুর স্তরের মধ্যে বিশাল এক পাথরের মূর্তির অংশ খুঁজে পান। পরে সেটি প্রাচীন দেবতা ‘হাপি’র মূর্তির অংশ হিসেবে শনাক্ত করা হয়। এই আবিষ্কারই তাদের সামনে খুলে দেয় হারিয়ে যাওয়া হেরাক্লিয়নের দরজা।
এরপর দীর্ঘ ১৩ বছর ধরে চলে অনুসন্ধান ও খননকাজ। ধীরে ধীরে সমুদ্রগর্ভ থেকে উঠে আসে এক সময়ের ব্যস্ত ও সমৃদ্ধ নগরীর অসংখ্য নিদর্শন। ঐতিহাসিকদের মতে, হেরাক্লিয়নের আরেক নাম ছিল ‘থনিস’। খ্রিষ্টপূর্ব দ্বাদশ শতাব্দী থেকে এটি ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যকেন্দ্র।
শহরটি শুধু বাণিজ্যের জন্য নয়, ধর্মীয় কারণেও বিখ্যাত ছিল। দেবতা আমনের বিশাল মন্দিরকে ঘিরে এখানে দূরদূরান্ত থেকে মানুষ আসত পূজা দিতে। কিন্তু ভয়াবহ ভূমিকম্প ও ভূমিধসের কারণে একসময় পুরো শহরটি সমুদ্রগর্ভে তলিয়ে যায় এবং ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে যেতে বসে।
খননকাজে প্রত্নতত্ত্ববিদরা ৬৪টির বেশি জাহাজের ধ্বংসাবশেষ, প্রায় ৭০০টি নোঙর, স্বর্ণমুদ্রা, পাথরের ফলক, তামার সামগ্রী ও নানা মূল্যবান নিদর্শন উদ্ধার করেন। এছাড়া উদ্ধার করা হয় মিসরীয় দেবী আইসিসের আদলে নির্মিত তৃতীয় ক্লিওপেট্রার একটি মূর্তি এবং দেবতা আমনের উদ্দেশে উৎসর্গ করা পশুর মমি সংরক্ষিত শবাধার।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, শত শত বছর পানির নিচে থাকার পরও এসব নিদর্শনের অনেকগুলো প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। গবেষকদের ধারণা, সমুদ্রের বালির নিচে এখনো হেরাক্লিয়নের বহু রহস্য লুকিয়ে আছে, যা ভবিষ্যতে আরও নতুন আবিষ্কারের পথ খুলে দিতে পারে।