খুব শিগগিরই জাতীয় দলে ফিরতে পারেন সাকিব আল হাসান। তার নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তিতে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। বুধবার (৪ মার্চ) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাকিবের প্রত্যাবর্তনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তাকে আবার […]
ছবি: সংগৃহীত
খুব শিগগিরই জাতীয় দলে ফিরতে পারেন সাকিব আল হাসান। তার নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তিতে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
বুধবার (৪ মার্চ) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাকিবের প্রত্যাবর্তনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তাকে আবার দেশের ক্রিকেটে দেখা যেতে পারে।
আসিফ আকবর জানান, সাকিবকে ঘিরে যে আইনি বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধান করা যায়। তিনি বলেন, মন্ত্রণালয় ও বোর্ড সমন্বিতভাবে চেষ্টা চালাচ্ছে এবং তারা আশাবাদী ইতিবাচক সমাধান মিলবে।
সরকার পরিবর্তনের পর থেকেই সাবেক টাইগার অধিনায়কের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। নীতিনির্ধারণী মহলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান বিসিবি পরিচালক।
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনাল দেখতে কক্সবাজারে গিয়ে এসব কথা বলেন তিনি। ফাইনালে ঢাকা মেট্রোকে ইনিংস ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী।
এ সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাবিবুল বাশার জানান, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮—এই তিন স্তরে সারা দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হয়। বিভাগীয় পর্যায় থেকে বাছাই হয়ে সেরা আট দল জাতীয় রাউন্ডে অংশ নেয় এবং সেখান থেকেই চ্যাম্পিয়ন নির্ধারিত হয়।