সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:১৩ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬

নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান ব্রাজিল প্রেসিডেন্ট লুলা

অনিশ্চয়তা পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্ট শুরুর আর খুব বেশি সময় বাকি নেই। এর মধ্যেই দল নির্বাচন নিয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই নাম—নেইমার জুনিয়র। দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা এই তারকাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে কি না, সেই আলোচনা এবার পৌঁছে গেছে ব্রাজিলের প্রেসিডেন্টের কাছেও। দলের […]

নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান ব্রাজিল প্রেসিডেন্ট লুলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অনিশ্চয়তা পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্ট শুরুর আর খুব বেশি সময় বাকি নেই। এর মধ্যেই দল নির্বাচন নিয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই নাম—নেইমার জুনিয়র। দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা এই তারকাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে কি না, সেই আলোচনা এবার পৌঁছে গেছে ব্রাজিলের প্রেসিডেন্টের কাছেও।

দলের কঠিন সময়ের মধ্যে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে ধীরে ধীরে নিজেদের পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে সেলেসাওরা। তবে সাম্প্রতিক প্রতিটি স্কোয়াড ঘোষণার সময়ই একটি প্রশ্ন সামনে এসেছে—নেইমারের ভবিষ্যৎ কী? এ বিষয়ে আনচেলত্তির অবস্থান স্পষ্ট, পুরোপুরি ফিট না হলে তারকা ফরোয়ার্ডের দলে ফেরার সুযোগ নেই।

যদিও চোট বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে, সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে বেশ ছন্দময় ফুটবল খেলছেন নেইমার। মাঠে তাকে আগের তুলনায় অনেক বেশি সতেজ দেখা যাচ্ছে। ফলে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে বিশ্বকাপ দলে নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।

সম্প্রতি ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, নেইমারকে নিয়ে তার সঙ্গে আনচেলত্তির আলোচনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট-এর তথ্য অনুযায়ী, আনচেলত্তি নাকি সরাসরি লুলার মতামত জানতে চেয়েছিলেন—নেইমারকে বিশ্বকাপ দলে রাখা উচিত কি না।

জবাবে লুলা বলেন, নেইমার যদি শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকে, তাহলে অবশ্যই তাকে বিবেচনায় রাখা উচিত। তার মতে, এখনও বড় মঞ্চে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে এই ফরোয়ার্ডের। পাশাপাশি তিনি উদাহরণ টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির, যারা বয়স বাড়লেও জাতীয় দলের হয়ে শীর্ষ পর্যায়ে খেলছেন।

তবে প্রেসিডেন্ট এটাও পরিষ্কার করেছেন, শুধু তারকা খ্যাতির কারণে নয়, বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতেই নেইমারকে জায়গা পেতে হবে। মাঠে নিজেকে প্রমাণ করেই তাকে স্কোয়াডে ফিরতে হবে বলে মত লুলার।

নেইমার নিজেও বিশ্বকাপকে সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিতে মরিয়া। পূর্ণ ফিটনেস ফিরে পেতে তিনি আবারও হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তার ক্লাব সান্তোসও তাকে সেরা অবস্থায় ফিরিয়ে আনতে নিবিড়ভাবে কাজ করছে।

আগামী ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই আসরে ১৪ জুন থেকে শুরু হবে তাদের গ্রুপপর্বের অভিযান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ