বিয়েতে দাওয়াত না পাওয়ায় বন্ধুদের ক্ষোভের মুখে পড়েছেন এক তরুণ। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল করেছেন তার বন্ধুরা। শুক্রবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের পাশে এই মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া তরুণদের হাতে একটি ব্যানার দেখা যায়। সেখানে লেখা ছিল, তাদের বন্ধু শাকিল শেখ বিয়েতে বন্ধুদের আমন্ত্রণ না জানিয়ে বিয়ে করে ফেলেছেন, আর সেই […]
ছবি: সংগৃহীত
বিয়েতে দাওয়াত না পাওয়ায় বন্ধুদের ক্ষোভের মুখে পড়েছেন এক তরুণ। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল করেছেন তার বন্ধুরা। শুক্রবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের পাশে এই মিছিল বের হয়।
মিছিলে অংশ নেওয়া তরুণদের হাতে একটি ব্যানার দেখা যায়। সেখানে লেখা ছিল, তাদের বন্ধু শাকিল শেখ বিয়েতে বন্ধুদের আমন্ত্রণ না জানিয়ে বিয়ে করে ফেলেছেন, আর সেই কারণেই তারা প্রতিবাদে নেমেছেন।
বন্ধুদের দাবি, দীর্ঘদিন ধরে বিয়েতে সবাইকে দাওয়াত দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত শাকিল শেখ কাউকে কিছু না জানিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে তারা বিষয়টি জানতে পারেন। এতে ক্ষুব্ধ হয়ে বন্ধুরা একত্র হয়ে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন।
আশিক নামের এক তরুণ বলেন, শাকিল শেখ বারবার বিয়েতে দাওয়াত দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত তা করেননি। তাই বন্ধুরা একসঙ্গে মিছিল করেছেন। তার ভাষায়, বিয়ের খবর গোপন রাখায় তারা কষ্ট পেয়েছেন।
মিছিলে অংশ নেওয়া আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সবাই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। কিন্তু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ হঠাৎ করেই বিয়ে করে ফেলেন এবং বন্ধুদের কিছুই জানাননি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিয়ে হলেও সেখানে বন্ধুদের দাওয়াত দেওয়া হয়নি। এ কারণেই এসএসসি ১৫ ব্যাচের বন্ধুরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। তবে দাওয়াত না পেলেও নবদম্পতির সুখ ও শান্তি কামনা করে তারা দোয়া করেছেন।