সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১২ রান। সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় তো লাগতই, পাশাপাশি নেট রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে শ্রীলঙ্কাকে ১৪৭ রান বা তার কমে আটকে রাখতে হতো। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি পাকিস্তান। শ্রীলঙ্কা ১৪৭ রান পার করে ফেলায় আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের। […]
ছবি: সংগৃহীত
সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১২ রান। সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় তো লাগতই, পাশাপাশি নেট রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে শ্রীলঙ্কাকে ১৪৭ রান বা তার কমে আটকে রাখতে হতো। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি পাকিস্তান। শ্রীলঙ্কা ১৪৭ রান পার করে ফেলায় আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের। একই সঙ্গে শেষ চারের টিকিট কেটে নিয়েছে নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা ৭ বল খেলে মাত্র ৩ রান করে আউট হন। ৮ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। অন্য ওপেনার কামিল মিশরা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে করেন ২৬ রান।
মাত্র ৩৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে সামাল দেন চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে। তৃতীয় উইকেটে তাদের ৪২ রানের জুটিতে কিছুটা স্থিতি আসে। তবে ২৫ রান করে সাজঘরে ফিরলে ভাঙে সেই জুটিও।
এরপর কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুত ফিরে গেলে আবার বিপদে পড়ে শ্রীলঙ্কা। কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তবে এরপর অভিজ্ঞ দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে দৃঢ় জুটি গড়ে তোলেন লিয়ানাগে। এই জুটিতেই ম্যাচে ফেরে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের আশা কার্যত শেষ হয়ে যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে শ্রীলঙ্কা। ৩২ বলে ফিফটি তুলে নিয়ে অপরাজিত আছেন জানিথ লিয়ানাগে। তার সঙ্গে অপরাজিত আছেন দাসুন শানাকা, যিনি করেছেন ২৬ রান।