ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান গড়ে চাকরির বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের কাছ থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা করছে সন্দেহভাজন চীনা গোয়েন্দা সদস্যরা। এ উদ্দেশ্যে অনলাইনে একাধিক প্রতিষ্ঠানের আদলে ভুয়া নেটওয়ার্ক তৈরি করেছে তারা। সোমবার প্রকাশিত আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন গোয়েন্দা সদস্যদের সঙ্গে যোগাযোগ হওয়া এক ডজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে মার্কিন […]
ছবি: সংগৃহীত
ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান গড়ে চাকরির বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের কাছ থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা করছে সন্দেহভাজন চীনা গোয়েন্দা সদস্যরা। এ উদ্দেশ্যে অনলাইনে একাধিক প্রতিষ্ঠানের আদলে ভুয়া নেটওয়ার্ক তৈরি করেছে তারা।
সোমবার প্রকাশিত আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন গোয়েন্দা সদস্যদের সঙ্গে যোগাযোগ হওয়া এক ডজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। পাশাপাশি সন্দেহজনক ওয়েবসাইটগুলোও বিশ্লেষণ করেছে সংবাদমাধ্যমটি।
অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের গুপ্তচরবৃত্তির তৎপরতা শুধু সাবেক মার্কিন সরকারি কর্মীদের লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে না। সাংবাদিক ও বাণিজ্যবিষয়ক পরামর্শকদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনসহ বিভিন্ন পেশাভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিরা আকর্ষণীয় চাকরির প্রস্তাব দিচ্ছে। এসব প্রস্তাবের মাধ্যমে এমন ব্যক্তিদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে, যাঁদের কাছে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য পাওয়ার সুযোগ থাকতে পারে।
গত জুনে সন্দেহভাজন ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি ওয়েবসাইট জব্দ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। পরবর্তী অনুসন্ধানে একই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন আরও ১০০টির বেশি ডোমেইনের সন্ধান পাওয়া যায়।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার সিএনএনকে বলেন, ‘ওই ১৩টি ডোমেইন আসলে বিশাল একটি নেটওয়ার্কের সামান্য অংশ মাত্র।’
সন্দেহজনক অনলাইন নেটওয়ার্কগুলো দ্রুত শনাক্ত করে বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, ওয়েবসাইট জব্দ করার পদক্ষেপ প্রয়োজনীয় হলেও এ ধরনের গুপ্তচরবৃত্তি ঠেকাতে তা যথেষ্ট নয়।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি