সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ সামনে রেখে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের ফুটবলভক্তরা। দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীর চোটের খবর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে গিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৬ ফেব্রুয়ারি ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও রয়েছে। এই অবস্থায় রোববার রাতে ইংল্যান্ড থেকে আসে হতাশাজনক […]
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ সামনে রেখে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের ফুটবলভক্তরা। দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীর চোটের খবর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে গিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৬ ফেব্রুয়ারি ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও রয়েছে।
এই অবস্থায় রোববার রাতে ইংল্যান্ড থেকে আসে হতাশাজনক সংবাদ। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শনিবার রাতে চার্লটন অ্যাথেলেটিকের বিপক্ষে খেলতে নেমেছিল লেস্টার সিটি। ম্যাচটি ২-০ গোলে হেরে যায় হামজার দল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় আসে হামজার ইনজুরি।
ম্যাচের ২৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হামজা চৌধুরী। তার আগে ১৫ মিনিটেই ডিফেন্ডার ওকোলি লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লেস্টার সিটি। এরপর রক্ষণভাগের অন্যতম ভরসা হামজা মাঠ ছাড়ায় আরও চাপে পড়ে দলটি। প্রথমার্ধেই ৩৬ ও ৪৫ মিনিটে দুটি গোল হজম করে লেস্টার সিটি, যা আর শোধ করতে পারেনি তারা।
লেস্টার সিটির হার-জিত বাংলাদেশের দর্শকদের কাছে বড় বিষয় নয়। মূল দুশ্চিন্তা হামজার শারীরিক অবস্থা নিয়ে। গুরুত্বপূর্ণ দুই আন্তর্জাতিক ম্যাচের আগে তার ইনজুরি কতটা গুরুতর, সেটাই এখন সবার প্রশ্ন।
ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং সংবাদ সম্মেলনে হামজার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘হামজার হাঁটুতে বড় ধরনের চোট লেগেছে। সে এখন ক্রাচ ব্যবহার করে হাঁটছে এবং হাঁটুতে ব্রেস লাগানো হয়েছে। খুব দ্রুত মাঠে ফেরা তার জন্য সম্ভব হবে বলে মনে হচ্ছে না। সপ্তাহের শেষের দিকে স্ক্যান রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানানো যাবে।’
হামজার এই চোট যদি দীর্ঘমেয়াদি হয়, তাহলে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিকল্পনায় বড় ধাক্কা আসতে পারে—এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে।