প্রায় তিন দশক ধরে অ্যাপল ব্যবহারকারীদের প্রযুক্তিগত সমস্যা সমাধান ও অভিজ্ঞতা বিনিময়ের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’ স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। আগামী ২০ নভেম্বর প্ল্যাটফর্মটি পুরোপুরি বন্ধ হবে। এরই মধ্যে নতুন পোস্ট দেওয়া ও উত্তর দেওয়ার সুযোগ বন্ধ করে সাইটটিকে রিড-অনলি অবস্থায় রেখেছে প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক অ্যাপল বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক […]
ছবি: সংগৃহীত
প্রায় তিন দশক ধরে অ্যাপল ব্যবহারকারীদের প্রযুক্তিগত সমস্যা সমাধান ও অভিজ্ঞতা বিনিময়ের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’ স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। আগামী ২০ নভেম্বর প্ল্যাটফর্মটি পুরোপুরি বন্ধ হবে। এরই মধ্যে নতুন পোস্ট দেওয়া ও উত্তর দেওয়ার সুযোগ বন্ধ করে সাইটটিকে রিড-অনলি অবস্থায় রেখেছে প্রতিষ্ঠানটি।
ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক অ্যাপল বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
দীর্ঘদিন ধরে আইফোন, আইপ্যাড ও ম্যাকসহ অ্যাপলের বিভিন্ন ডিভাইস এবং সফটওয়্যার ব্যবহারের সময় তৈরি হওয়া সমস্যার সমাধান খুঁজতে ব্যবহারকারীরা এই কমিউনিটির সাহায্য নিতেন। একই সঙ্গে এখানে প্রযুক্তিবিষয়ক পরামর্শ পাওয়া এবং নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ ছিল।
প্ল্যাটফর্মটি বন্ধের ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা ও সমস্যা সমাধানের জন্য অ্যাপলের আনুষ্ঠানিক সাপোর্ট ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে অ্যাপল সাপোর্ট কমিউনিটিতে নতুন করে কোনো প্রশ্ন করা বা আগের আলোচনায় উত্তর দেওয়ার সুযোগ নেই। তবে ২০ নভেম্বর পর্যন্ত ব্যবহারকারীরা পুরোনো পোস্ট ও আলোচনাগুলো পড়তে এবং আগের সমাধান খুঁজে দেখতে পারবেন। এ সময় পোস্টে ভোট দেওয়া ও ‘মি টু’ (আমারও একই সমস্যা) অপশন ব্যবহারের মতো সীমিত কিছু সুবিধাও চালু থাকবে।
ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মটিতে সর্বশেষ আলোচনা পোস্ট করা হয়েছে গত ১০ নভেম্বর। নির্ধারিত সময়ের পর পুরোনো আলোচনাগুলো দেখার সুযোগও বন্ধ হয়ে যাবে।
সূত্র: অ্যাপল