সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ফিচার
৬:০৬ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

৭৯ হাজার মুক্তিযোদ্ধার সনদ নিয়ে তদন্ত, ভুয়া তালিকা বাতিলে উদ্যোগ

দেশে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রায় ৭৯ হাজার জনের সনদ নিয়ে অভিযোগের তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথম পর্যায়ে ৭৮ হাজার ৯৫ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরবর্তী সময়ে […]

৭৯ হাজার মুক্তিযোদ্ধার সনদ নিয়ে তদন্ত, ভুয়া তালিকা বাতিলে উদ্যোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রায় ৭৯ হাজার জনের সনদ নিয়ে অভিযোগের তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথম পর্যায়ে ৭৮ হাজার ৯৫ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সরকার আমলে একাধিকবার তালিকা সংশোধন ও নতুন অন্তর্ভুক্তির মাধ্যমে মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে সরকারি হিসাবে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় এক লাখ ৯৮ হাজার।

জামুকার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান এবং বয়সসংক্রান্ত অসঙ্গতির কারণে ছয় হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। এর মধ্যে নির্ধারিত বয়সসীমার নিচে থাকার অভিযোগে দুই হাজার ১১১ জনের সনদ বাতিল করা হয়।

সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর মুক্তিযোদ্ধার সনদ নিয়ে নতুন করে বিপুলসংখ্যক অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের মধ্যে প্রায় ৭৯ হাজার সনদের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগগুলোর বেশিরভাগই ভুয়া তথ্য, জাল নথি এবং শরণার্থী পরিচয়ের অপব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

জামুকার পরিচালক (প্রশাসন ও অর্থ) উপ-সচিব মোহাম্মদ উল্যাহ বলেন, অভিযোগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত শুনানি চলছে। যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে কোনোভাবে বঞ্চিত না হন, সে বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাষ্ট্রীয় ভাতা, চাকরির কোটা ও অন্যান্য সুযোগ-সুবিধার কারণে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার সংরক্ষণে সরকার গুরুত্ব দিচ্ছে।

সূত্র: আমার দেশ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ