যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)–এর কর্মকাণ্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এই বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)–এর তহবিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে করে যুক্তরাষ্ট্রে আরেকটি আংশিক ফেডারেল শাটডাউন হতে পারে বলে কংগ্রেস সূত্রে জানা গেছে। […]
ছবি - সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)–এর কর্মকাণ্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এই বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)–এর তহবিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে করে যুক্তরাষ্ট্রে আরেকটি আংশিক ফেডারেল শাটডাউন হতে পারে বলে কংগ্রেস সূত্রে জানা গেছে।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে মিনিয়াপোলিসে আইসের অভিযানে এক মার্কিন নারীসহ দুইজন নিহত হওয়ার ঘটনার পর থেকেই আইসের কার্যক্রম নিয়ে বিতর্ক আরও তীব্র হয়। এই ঘটনার পর ডেমোক্র্যাটরা আইসের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনি সীমাবদ্ধতা আরোপের দাবি তোলে।
ডেমোক্র্যাট পার্টির দাবি, আইসের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ১০টি সুনির্দিষ্ট আইন প্রয়োগ করতে হবে। বুধবার প্রকাশিত তাদের প্রস্তাবনায় বলা হয়—
কোনো ব্যক্তির বাসভবনে প্রবেশের আগে বিচারক প্রদত্ত ওয়ারেন্ট বাধ্যতামূলক করতে হবে
আইস কর্মকর্তাদের মুখোশ পরা নিষিদ্ধ করতে হবে
অভিযানের সময় বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিত করতে হবে
তবে এসব দাবির একাধিক বিষয়ে আপত্তি জানিয়েছে রিপাবলিকান পার্টি। তাদের বক্তব্য অনুযায়ী, বডি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনার সুযোগ থাকলেও কর্মকর্তাদের মুখোশ নিষিদ্ধ করা হলে আইস সদস্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
এ ছাড়া প্রতিটি অভিযানের আগে বিচারকের ওয়ারেন্ট নেওয়া বাধ্যতামূলক করলে জরুরি পরিস্থিতিতে সময় সংকট সৃষ্টি হবে বলেও মন্তব্য করেছে রিপাবলিকানরা।
এই রাজনৈতিক অচলাবস্থা দ্রুত নিরসন না হলে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ডিএইচএসের তহবিল কার্যকরভাবে বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে আইসের পাশাপাশি ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ), ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফিমা), কোস্ট গার্ডসহ ডিএইচএসের অধীন একাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই শাটডাউন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিক অচলাবস্থার মাত্রা আরও গভীর করতে পারে।