সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
৬:৪৭ অপরাহ্ন, ২ জুলাই ২০২৬

গ্রিন কার্ড পেতে বাড়ছে শর্ত, ইবি-৫ ভিসায় বড় পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র

বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর করার অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বহুল পরিচিত ইবি-৫ বিনিয়োগভিত্তিক ভিসা কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার বিদ্যমান কিছু পথ সীমিত করার পাশাপাশি আর্থিক উৎস, বিনিয়োগের স্বচ্ছতা এবং আবেদনকারীদের পটভূমি যাচাইয়ে আরও কড়াকড়ি আরোপের […]

গ্রিন কার্ড পেতে বাড়ছে শর্ত, ইবি-৫ ভিসায় বড় পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর করার অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বহুল পরিচিত ইবি-৫ বিনিয়োগভিত্তিক ভিসা কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার বিদ্যমান কিছু পথ সীমিত করার পাশাপাশি আর্থিক উৎস, বিনিয়োগের স্বচ্ছতা এবং আবেদনকারীদের পটভূমি যাচাইয়ে আরও কড়াকড়ি আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি প্রস্তাবিত নীতিমালায় জালিয়াতি প্রতিরোধ, অর্থের উৎস যাচাই এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলাকে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালে বাইডেন প্রশাসনের সময় কংগ্রেসে পাস হওয়া ‘ইবি-৫ রিফর্ম অ্যান্ড ইন্টেগ্রিটি অ্যাক্ট’-এর ভিত্তিতেই বর্তমান প্রশাসন নতুন এই কঠোর তদারকি ব্যবস্থা কার্যকর করতে চায়।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে সাধারণ ব্যবসায় ন্যূনতম ১০ লাখ ৫০ হাজার ডলার অথবা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা কিংবা গ্রামীণ অঞ্চলে ৮ লাখ ডলার বিনিয়োগ করে এবং অন্তত ১০টি স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে ইবি-৫ কর্মসূচির আওতায় গ্রিন কার্ডের আবেদন করতে পারেন।

তবে নতুন প্রস্তাবে আঞ্চলিক বিনিয়োগ কেন্দ্রগুলোর ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি জাতীয় নিরাপত্তা বা আর্থিক জালিয়াতির সন্দেহ দেখা দিলে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষকে আবেদন বাতিল কিংবা ইতোমধ্যে দেওয়া স্থায়ী বাসিন্দার মর্যাদা প্রত্যাহারের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।

একই সঙ্গে আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানে বিদ্যমান কর্মসংস্থান টিকিয়ে রাখার ভিত্তিতে গ্রিন কার্ড পাওয়ার যে ‘ট্রাবলড বিজনেস’ সুবিধা ছিল, সেটি পুরোপুরি বাতিলের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া আবাসন খাতের বড় প্রকল্পগুলোতে ব্যবহৃত স্বল্পমেয়াদি অন্তর্বর্তীকালীন অর্থায়ন বা ‘ব্রিজ ফাইন্যান্সিং’-এর ব্যবহারেও কঠোর বিধিনিষেধ আরোপ কিংবা সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে আবাসন খাতের বিভিন্ন প্রকল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে বিনিয়োগের ক্ষেত্রেও নতুন করে কড়াকড়ি আরোপের প্রস্তাব এসেছে। এ ধরনের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে অর্থের বৈধ উৎস, কর পরিশোধের রেকর্ড এবং মালিকানার পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করতে হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ইবি-৫ ভিসার আবেদন সংখ্যা ছিল ৬ হাজার ৬২৬টি। পরে তা কমে ২০২২ সালে মাত্র ৬৫৪টিতে নেমে আসে।

তবে সাম্প্রতিক সময়ে আবারও এ কর্মসূচিতে আগ্রহ বাড়তে শুরু করেছে। ২০২৫ অর্থবছরে আবেদন সংখ্যা বেড়ে ৬ হাজার ৬৫৪টিতে পৌঁছেছে, যা মহামারির আগের সময়ের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞদের ধারণা, নতুন প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে অতিরিক্ত তদারকি, যাচাই-বাছাই এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বছরে প্রায় ৩ কোটি ৯০ লাখ থেকে ৮ কোটি ৭০ লাখ ডলার পর্যন্ত অতিরিক্ত ব্যয় হতে পারে।

বর্তমানে প্রস্তাবটি ৬০ দিনের জন্য জনমত গ্রহণের পর্যায়ে রয়েছে। এই সময়ের মধ্যে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান মতামত জমা দিতে পারবে।

পরবর্তীতে এটি চূড়ান্ত অনুমোদন পেলে বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি হবে এবং ইবি-৫ কর্মসূচির আওতায় গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় আরও কঠিন ও কঠোর হয়ে উঠবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ