যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, গবেষক এবং সাংবাদিকদের জন্য প্রচলিত ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, এতদিন ধরে চালু থাকা অনির্দিষ্ট মেয়াদে অবস্থানের সুবিধা বাতিল করে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক ভিসা ব্যবস্থা চালু করা হবে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত একটি নোটিশে এই প্রস্তাবিত পরিবর্তনের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, গবেষক এবং সাংবাদিকদের জন্য প্রচলিত ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, এতদিন ধরে চালু থাকা অনির্দিষ্ট মেয়াদে অবস্থানের সুবিধা বাতিল করে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক ভিসা ব্যবস্থা চালু করা হবে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত একটি নোটিশে এই প্রস্তাবিত পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ অভিবাসন নীতিগত পরিবর্তন হতে পারে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ (F) ভিসা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জে (J) ভিসা এবং বিদেশি সংবাদমাধ্যমকর্মীদের আই (I) ভিসার ক্ষেত্রে নতুন বিধান কার্যকর হবে।
বর্তমানে এসব ভিসাধারীরা Duration of Status (D/S) সুবিধার আওতায় সংশ্লিষ্ট শিক্ষা, গবেষণা বা পেশাগত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করতে পারেন। অর্থাৎ, তাদের ভিসার সঙ্গে নির্দিষ্ট মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে না।
তবে নতুন প্রস্তাব কার্যকর হলে এই ব্যবস্থা বাতিল হবে। এর পরিবর্তে প্রতিটি ভিসার জন্য নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হবে। সেই সময়সীমা শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অব্যাহত রাখতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নতুন করে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নোটিশে বলা হয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো অভিবাসন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা এবং ভিসাধারীদের অবস্থান কার্যকরভাবে পর্যবেক্ষণ করা।
তবে নতুন নীতিমালা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নোটিশ অনুযায়ী, এটি কার্যকর করার আগে প্রস্তাবটি সংশ্লিষ্ট আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং মার্কিন কংগ্রেসে পর্যালোচনার জন্যও উপস্থাপন করা হবে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক এবং বিদেশি সাংবাদিকদের জন্য প্রশাসনিক প্রক্রিয়া আরও জটিল হতে পারে। একই সঙ্গে নিয়মিত ভিসা নবায়নের প্রয়োজনীয়তা বাড়বে এবং দীর্ঘমেয়াদি শিক্ষা বা গবেষণা কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পরিকল্পনায়ও এর প্রভাব পড়তে পারে।
সূত্র: রয়টার্স