সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:৫৭ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬

বিশ্ব কি বড় কোনো বিপর্যয়ের মুখে? যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিয়ে যা বললেন ভ্যান্স

বিশ্বজুড়ে নানা সংকট ও সম্ভাব্য বিপর্যয় নিয়ে মানুষের উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি সম্পর্কে কথা বলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষ তাঁকে প্রায়ই প্রশ্ন করছেন—সম্ভাব্য বড় কোনো বিপর্যয় মোকাবিলায় বাংকার তৈরি করা কিংবা খাবার ও পানি মজুত রাখা উচিত কি না। ভ্যান্সের দাবি, মার্কিন প্রশাসনের কাছে আসন্ন কোনো […]

বিশ্ব কি বড় কোনো বিপর্যয়ের মুখে? যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিয়ে যা বললেন ভ্যান্স

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বজুড়ে নানা সংকট ও সম্ভাব্য বিপর্যয় নিয়ে মানুষের উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি সম্পর্কে কথা বলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষ তাঁকে প্রায়ই প্রশ্ন করছেন—সম্ভাব্য বড় কোনো বিপর্যয় মোকাবিলায় বাংকার তৈরি করা কিংবা খাবার ও পানি মজুত রাখা উচিত কি না।

ভ্যান্সের দাবি, মার্কিন প্রশাসনের কাছে আসন্ন কোনো সংকটের আভাস নেই। তবে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দৃশ্যমান কোনো হুমকি না থাকলেও সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা সরকারের দায়িত্ব।

বিশ্বের বিভিন্ন দেশ প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছে। যুক্তরাজ্য, সুইডেন ও জাপান সাধারণ পরিবারগুলোকে অন্তত তিন দিন চলার মতো প্রয়োজনীয় খাবার, পানি ও অন্যান্য সামগ্রী মজুত রাখতে বলেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো যেন বাইরের সহায়তা ছাড়াই অন্তত ৯০ দিন সচল থাকতে পারে, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো এক স্মারকলিপিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘ফোর্ট্রেস আমেরিকা’ নামে একটি উদ্যোগের কথা জানান। এর লক্ষ্য, বাইরের কোনো সহায়তা ছাড়াই মার্কিন সামরিক স্থাপনাগুলোকে অন্তত ৯০ দিন সচল রাখার সক্ষমতা তৈরি করা।

পাঁচটি মূল ভিত্তির ওপর পরিকল্পনাটি সাজানো হয়েছে। এগুলো হলো—জ্বালানি স্বনির্ভরতা, শক্তিশালী সরবরাহব্যবস্থা ও প্রতিরক্ষা শিল্প, কৌশলগত প্রতিরক্ষা মজুত, সাইবার সহনশীলতা এবং মহাকাশ ও ইলেকট্রোম্যাগনেটিক সক্ষমতা বৃদ্ধি।

পেন্টাগনের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টিকটকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন প্রস্তুতির প্রয়োজন কেন দেখা দিচ্ছে।

এদিকে যুক্তরাজ্যের ‘বি রেডি’ প্রচারণায় জলবায়ু সংকট, প্রযুক্তির ওপর নির্ভরশীলতা এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের হুমকির কথা বিবেচনায় নিয়ে নাগরিকদের ৭২ ঘণ্টার প্রয়োজনীয় রসদ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সুইডেনের সিভিল ডিফেন্স অ্যান্ড রেজিলিয়েন্স এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে এবং দেশটির কাছেই যুদ্ধ চলছে। চরম আবহাওয়া, সন্ত্রাসবাদ, সাইবার হামলা ও অপতথ্য ছড়ানোর ঝুঁকি বিবেচনায় নিয়ে বাসিন্দাদের জন্য সংশোধিত নির্দেশনাও জারি করেছে সংস্থাটি।

অন্যদিকে, গত ২ নভেম্বর জাপানের নতুন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কার্যক্রম শুরু করেছে। সংস্থাটি নাগরিকদের জরুরি পরিস্থিতিতে অন্তত তিন দিন চলার মতো খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার আহ্বান জানিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান ও ইন্ডিয়া টুডে

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ