যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির একটি ময়লার ভাগাড়ে খননকাজের সময় হঠাৎ বিপুল পরিমাণ গ্যাস বেরিয়ে আকাশে বিশাল মেঘের মতো কুণ্ডলী তৈরি হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কাস্টেইক এলাকার চিকুইটা ক্যানিয়ন ল্যান্ডফিলে এ ঘটনা ঘটে। এতে ছয়জন সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টির অগ্নিনির্বাপণ বিভাগের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির একটি ময়লার ভাগাড়ে খননকাজের সময় হঠাৎ বিপুল পরিমাণ গ্যাস বেরিয়ে আকাশে বিশাল মেঘের মতো কুণ্ডলী তৈরি হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কাস্টেইক এলাকার চিকুইটা ক্যানিয়ন ল্যান্ডফিলে এ ঘটনা ঘটে। এতে ছয়জন সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টির অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র জোনাথন টরেস আহতদের হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁদের পরিচয় বা আঘাতের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
অগ্নিনির্বাপণ বিভাগের ক্যাপ্টেন অ্যারন কেটন জানান, ল্যান্ডফিলটিতে নিয়মিত খননকাজ করছিলেন কর্মীরা। মাটির প্রায় ১৫০ ফুট বা ৪৬ মিটার গভীরে কাজ করার সময় তাঁরা পচে যাওয়া আবর্জনা থেকে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গ্যাসের সন্ধান পান।
কেটন বলেন, খননকাজের সময় তৈরি হওয়া ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে আসার সঙ্গে পচে যাওয়া আবর্জনার ছোট ছোট অংশও বাইরে ছড়িয়ে পড়ে। এতে আকাশে বিশাল মেঘের মতো কুণ্ডলী তৈরি হয়।
ঘটনার পর আশপাশের বাতাসের মান পরীক্ষা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের পরীক্ষায় দেখা গেছে, নির্গত গ্যাস স্থানীয় বাসিন্দাদের জন্য কোনো বিপদ তৈরি করছে না। কেটন জানান, সোমবার রাতের মধ্যে গ্যাসের কুণ্ডলীর ঘনত্বও উল্লেখযোগ্যভাবে কমে আসে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে সান্তা ক্লারিটা শহর কর্তৃপক্ষ জনসাধারণকে ভাগাড়টির আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। কাছাকাছি বসবাসকারী কিছু বাসিন্দাকে প্রয়োজনে এলাকা ছাড়ার প্রস্তুতি রাখতেও বলা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার বিষাক্ত পদার্থ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, চিকুইটা ক্যানিয়ন ল্যান্ডফিলটি ৬৩৯ একর বা প্রায় ২৫৯ হেক্টর আয়তনের একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)