বাজারে আসার পর দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন অ্যাপ ‘মিউজ’। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাবে, যুক্তরাষ্ট্র ও কানাডায় উন্মোচনের প্রথম ১২ দিনে মিউজের ইনস্টল সংখ্যা একই সময়ে চ্যাটজিপিটির তুলনায় বেশি ছিল। শুধু ইনস্টল নয়, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাতেও মিউজ এগিয়ে রয়েছে বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। তবে এসব তথ্য মেটা বা ওপেনএআইয়ের নিজস্ব হিসাব […]
ছবি: সংগৃহীত
বাজারে আসার পর দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন অ্যাপ ‘মিউজ’। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাবে, যুক্তরাষ্ট্র ও কানাডায় উন্মোচনের প্রথম ১২ দিনে মিউজের ইনস্টল সংখ্যা একই সময়ে চ্যাটজিপিটির তুলনায় বেশি ছিল।
শুধু ইনস্টল নয়, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাতেও মিউজ এগিয়ে রয়েছে বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। তবে এসব তথ্য মেটা বা ওপেনএআইয়ের নিজস্ব হিসাব নয়; তৃতীয় পক্ষের বিশ্লেষণ ও অনুমানের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
দুই অ্যাপের প্রাথমিক জনপ্রিয়তা তুলনা করাটা পুরোপুরি সরাসরি নয়। চ্যাটজিপিটি যখন মুঠোফোনে আসে, তখন তা বিশ্বজুড়ে শুধু আইফোনে ব্যবহার করা যেত। বিপরীতে মিউজ বর্তমানে আইফোন ও অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। তবে অ্যাপটি এখনো শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু রয়েছে।
তুলনাটি কাছাকাছি আনতে অ্যাপটোপিয়া দুই অ্যাপের প্রথম ১২ দিনের যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ইনস্টলের তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করেছে। এতে দেখা যায়, ওই সময়ে মিউজ ১৮ লাখ বার ডাউনলোড হয়েছে, আর চ্যাটজিপিটি ডাউনলোড করা হয়েছিল ১৩ লাখ বার। বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজের মোট ইনস্টল দাঁড়িয়েছে ২৮ লাখ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের তালিকাতেও দ্রুত জায়গা করে নিয়েছে মিউজ। বাজারে উন্মোচনের পরপরই সামগ্রিক তালিকায় অ্যাপটি দ্বিতীয় অবস্থানে ছিল। পরে উঠে আসে শীর্ষ অবস্থানে।
ওই সময় মিউজের ডাউনলোড সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছিল বলে জানিয়েছিল আরেক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারস।
দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও মিউজের ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রের মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬ লাখ ৪২ হাজার। একই সময়ে চ্যাটজিপিটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।
শুধু আইফোন ব্যবহারকারীদের হিসাবেও মিউজ এগিয়ে। অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজের দৈনিক সক্রিয় আইফোন ব্যবহারকারী প্রায় ৩ লাখ ৫৯ হাজার।
মিউজের দ্রুত বিস্তারের পেছনে মেটার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভূমিকা থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যাপটি ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হতে পারে এবং হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যায়।
অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি একই সঙ্গে ফেসবুক ব্যবহার করেন। আর প্রায় ৬৩ শতাংশ ব্যবহারকারী ইনস্টাগ্রামও ব্যবহার করেন।
তবে মিউজের প্রকৃত ব্যবহারকারী সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। মেটা এখনো অ্যাপটির প্রাথমিক ব্যবহারকারীর সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। অ্যাপটোপিয়ার কাছেও মেটার অভ্যন্তরীণ তথ্য নেই।
তাই তৃতীয় পক্ষের এই পরিসংখ্যানকে চূড়ান্ত হিসাব হিসেবে দেখার সুযোগ নেই। তবে প্রাথমিক তথ্য বলছে, বাজারে আসার অল্প সময়ের মধ্যেই মেটার নতুন এআই অ্যাপটি উল্লেখযোগ্যসংখ্যক ব্যবহারকারী আকর্ষণ করতে শুরু করেছে।