যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত এবং অপরাধে জড়িত অভিবাসীদের বহিষ্কারের পক্ষে জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, রাজনৈতিক বিভাজন থাকলেও ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং স্বতন্ত্র ভোটার—সব পক্ষের মধ্যেই এ নীতির প্রতি সমর্থন বেড়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটি ও হ্যারিস পোলের যৌথ জরিপ অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের ৮০ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত এবং অপরাধে জড়িত অভিবাসীদের বহিষ্কার […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত এবং অপরাধে জড়িত অভিবাসীদের বহিষ্কারের পক্ষে জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, রাজনৈতিক বিভাজন থাকলেও ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং স্বতন্ত্র ভোটার—সব পক্ষের মধ্যেই এ নীতির প্রতি সমর্থন বেড়েছে।
হার্ভার্ড ইউনিভার্সিটি ও হ্যারিস পোলের যৌথ জরিপ অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের ৮০ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত এবং অপরাধে জড়িত অভিবাসীদের বহিষ্কার করা উচিত। এপ্রিল মাসে এই হার ছিল ৭৫ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সমর্থন বেড়েছে ৫ শতাংশ পয়েন্ট।
জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যেই সমর্থন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৭১ শতাংশ ডেমোক্র্যাট অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বহিষ্কারের পক্ষে মত দিয়েছেন, যা এপ্রিল মাসে ছিল ৬৩ শতাংশ। একই সময়ে স্বতন্ত্র ভোটারদের মধ্যে সমর্থন ৭৩ শতাংশ থেকে বেড়ে ৭৯ শতাংশে পৌঁছেছে। রিপাবলিকানদের মধ্যে এ হার ৮৯ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশ হয়েছে।
তবে সব অবৈধ অভিবাসীকে বহিষ্কারের প্রশ্নে জনমত তুলনামূলকভাবে বিভক্ত। জরিপে অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ জানিয়েছেন, তারা অবৈধভাবে অবস্থানরত সব অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পক্ষে। অপরদিকে ৪৪ শতাংশ এ নীতির বিরোধিতা করেছেন।
দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ডেমোক্র্যাটদের মধ্যে ৩৭ শতাংশ এখন সব অবৈধ অভিবাসী বহিষ্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, যা আগের জরিপের তুলনায় কিছুটা বেশি। স্বতন্ত্র ভোটারদের মধ্যে সমর্থন ৫৩ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এই হার সামান্য কমে ৭৭ শতাংশে নেমেছে।
জরিপটি গত ২৯ থেকে ৩১ মে পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৭২৫ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। জরিপটির সম্ভাব্য ত্রুটির সীমা ছিল প্লাস বা মাইনাস ২ দশমিক ৪ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে ৩০ লাখের বেশি অবৈধ অভিবাসী দেশ ছেড়েছেন অথবা বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে প্রায় ২২ লাখ ব্যক্তি স্বেচ্ছায় দেশত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে। একই সময়ে প্রায় ৯ লাখ অভিবাসীকে বহিষ্কার এবং আরও প্রায় ৯ লাখকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যু যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয় হিসেবে রয়ে গেলেও অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে জনসমর্থন এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দৃশ্যমান হচ্ছে।