সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১১:৩৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন তিনি—এমন অভিযোগে গত মার্চে জুরি তাঁকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রুকলিনের আদালত […]

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন তিনি—এমন অভিযোগে গত মার্চে জুরি তাঁকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রুকলিনের আদালত তাঁর সাজা ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন জেলা বিচারক এরিক আর কমিটি। তাঁর বিরুদ্ধে জাতীয় সীমানা অতিক্রম করে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা এবং ভাড়াটে খুনির মাধ্যমে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে।

মার্কিন প্রসিকিউটরদের ভাষ্য, ২০২০ সালের জানুয়ারিতে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প ও অন্য মার্কিন রাজনীতিকদের লক্ষ্য করে এই পরিকল্পনা করা হয়েছিল। ট্রাম্প ছাড়াও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালির নাম সম্ভাব্য লক্ষ্য হিসেবে উঠে আসে।

বিচার বিভাগের বিবরণ অনুযায়ী, ২০২২ সালের দিকে আইআরজিসির সঙ্গে যুক্ত হন মার্চেন্ট। পরে ইরানে তাঁর এক আত্মীয়ের মাধ্যমে আইআরজিসির এক কর্মকর্তার সঙ্গে পরিচয় হয়। ২০২৩ সাল থেকে প্রায় দেড় বছর ধরে তেহরানে ওই কর্মকর্তার সঙ্গে একাধিকবার বৈঠক করেন তিনি। সেখানে তাঁকে যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য লোক নিয়োগের দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পৌঁছে পরিচিত এক ব্যক্তির সহায়তায় পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন মার্চেন্ট। তবে ওই ব্যক্তি বিষয়টি এফবিআইকে জানান এবং গোপন তথ্যদাতা হিসেবে কাজ শুরু করেন। পরে তিনি মার্চেন্টকে দুজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, যাঁরা আসলে ছদ্মবেশী এফবিআই এজেন্ট ছিলেন। তাঁদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর হত্যাকাণ্ডের অগ্রিম অর্থ হিসেবে ৫ হাজার ডলার দেন মার্চেন্ট। এরপর ২০২৪ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ডে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোনো হামলা ঘটার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়।

বিচার চলাকালে মার্চেন্ট স্বীকার করেন, আইআরজিসির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তবে তাঁর দাবি, ইরানে থাকা স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে তিনি অনিচ্ছাসত্ত্বেও এই পরিকল্পনায় জড়িয়েছিলেন। তাঁর ভাষ্য, তাঁকে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে হত্যার সরাসরি নির্দেশ দেওয়া হয়নি; তেহরানে আলোচনার সময় তাঁর ইরানি যোগাযোগকারী তিনজনের নাম উল্লেখ করেছিলেন। তবে প্রসিকিউটররা তাঁর এই দাবি নিয়ে আপত্তি জানান।

মার্কিন বিচার বিভাগের অভিযোগ, মার্চেন্টের ল্যাপটপ, মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ট্রাম্পকে ঘিরে তাঁর আগ্রহের প্রমাণ পাওয়া গেছে। ট্রাম্পের নির্বাচনী সমাবেশের তথ্য খোঁজা এবং নিউ জার্সিতে তাঁর একটি সমাবেশের অবস্থান গুগল ম্যাপে অনুসন্ধানের তথ্যও আদালতে উপস্থাপন করা হয়।

এদিকে ইরান ট্রাম্প বা অন্য কোনো মার্কিন কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ